কবিতাগুচ্ছ ।। সুমিতা চৌধুরী
দীর্ঘ গ্রহণকাল
এ যেন এক দীর্ঘ গ্রহণের কাল
নিকষ কালো অন্ধকারে
ডুবছে সবটুকু....
চারিদিকে পড়ে আছে
ধ্বংসের চিহ্ন ইতস্তত
আলো ডুবে গেছে কোন সে ধূধূ.....
কত শত খোলস
নিত্য খসছে সরীসৃপের
গমনাগমনের পথে....
বসতি ছেড়ে গড়ে উঠছে
সরীসৃপেরই বসতি দিনে-রাতে
দীর্ঘস্থায়ী গ্রহণকালের সাথে!!
ফাঁদ
হিংসার লেলিহান শিখায়
পুড়ছে ঘর-বার, সমাজ-সংসার,
দগ্ধ অন্তর....
রঙিন পসরায় লহুর নিশান
জীবন দুস্তর,
যাপন যাযাবর....
জয়-পরাজয়ে ত্রাসের আবহ
বাড়ছে লাশের বহর,
জুড়ে মাঠ-ঘাট প্রান্তর....
তুমি-আমি আজ ফাঁদে বন্দী
না জানি কার শিকার!
কি হবে অতঃপর....
অলীক অপেক্ষারা
দিন গড়িয়ে রাত,
মাস কেটে বছর গড়ায়,
"একটু অপেক্ষা",
এই প্রবোধের অলীক আশায়....
কাজল রেখা ফিকে হয়ে
চশমার ঝাপসা কাঁচ জীবন পোহায়,
ভালোবাসার চাতক তৃষায়
কারো বলে যাওয়া "একটু অপেক্ষা"- এর কোন সে ভরসায়.....
রোদ-জল-ঝড়-শীত পেরিয়ে
প্রহর গোণে কত-শত হাঁ-মুখ দু'মুঠো ভাতের চাহিদায়,
আজন্মকালীন স্তোত বাক্য
"একটু অপেক্ষা"-র অসহায় নিরুপায় আশায়.....
ভালোবাসা সংক্রামিত হোক
দেশের মাঝে আজ দ্বেষের কাঁটাতার,
বিভেদ গাঁথছে দুর্ভেদ্য দেওয়াল
রোজই তোমার-আমার মাঝে...
সংক্রামিত ঘৃণায় আক্রান্ত সবাই,
অসুখের প্রকোপ বাড়ছে ক্রমেই
হিংসার মৌরসীপাট্টার রাজে...
চলো এসো মঙ্গলে নয়,
এ আগাছা সাফ করি রোজ
আপন আপন মন জমির উৎকৃষ্ট চাষে...
ভালোবাসা সংক্রামিত হোক
প্রতি হৃদয় থেকে হৃদয়ে,
দ্বেষ থেকে দেশকে বাঁচানোর কাজে।।
-----সমাপ্ত-----
Sumita Choudhury
Liluah, Howrah
Ph/Wa- 7003299023
Comments
Post a Comment