দুটি ছড়া দিলীপ কুমার পাত্র
ফিরবে কবে
ফিরবে কবে সততাটা
এই সমাজের বুকে
ধর্ম জাতির ফারাক ভুলে
থাকবে সদা সুখে।
ফিরবে কবে মানবতা
দেশ ও জাতির মাঝে
ধনী গরিব হাত মিলিয়ে
নামবে দেশের কাজে।
ফিরবে কবে স্বচ্ছতাটা
নেবে না কেউ ঘুষও
একতাটা আনতে দেশে
ফিরুক সবার হুঁসও।
ফিরবে কবে সমতাটা
নারী-পুরুষ মাঝে
হানাহানি বন্ধ হবে
সকাল কিংবা সাঁঝে।
ফিরবে কবে সকল নেতা
দলবাজিটা ভুলে
জন্মভূমির সুরক্ষাতে
চেঁচায় গলা তুলে।
অসীম তোমার দান
ছায়াটা দাও বৃষ্টিটা দাও
দাও যে প্রাণে বায়ু
বনজ দাও ভেষজ দাও
দাও তো শত আয়ু।
পর্যটনে জীব বৈচিত্র্যে
লক্ষ্য গুণে ভরা
খাদ্য বস্ত্র বাসস্থানে
খুশি মোদের ধরা।
শাল পাতা ও কলা পাতার
হয় যে কত থালা
পুজো থেকে উৎসবেতে
ধুপ ও ধুনো জ্বালা।
নেশার দ্রব্য তৈরিতে তো
পুস্প ফুল ও পাতা
আসবাবপত্র জ্বালানিতে
ভীষণ যে গাছ দাতা।
বাদ্যযন্ত্র বানাতে সেই
ঋণী তোমার কাছে
খেলাধুলার সরঞ্জামে
ভরসা আজও গাছে।
ধস ও খরা সুনামি ওই
রোধ যে করে বানও
তোমার দয়ায় গড়ে ওঠে
কত শত যানও!
কর্মসংস্থান তাপটা রোধে
অসীম তোমার দানও
অর্থনীতির শ্রীবৃদ্ধিতে
করি কত গানও।
রন্ধনেরও মসলাটা দাও
দাঁড়াও রুখে ঝড়ে
দুর্ঘটনা রোধে তোমায়
ভীষণ মনে পড়ে।
বৃক্ষরোপণ করলে যে জীব
থাকবে শত শত
সবুজ বনের সৃষ্টিতে কাজ
থাকবো সবাই রত।

Comments
Post a Comment