দুটি কবিতা ।। ছন্দা দাম
জনমের লেনদেন
কবিতার কলোনী ধরে বহুদূর বিদর্ভ নগরে আঁধার নামে
কত পথ ঘুরে, ফেরে পথিক দু দণ্ড শান্তির খোঁজে,
সন্ধ্যার শুকতারা পথ দেখিয়ে নিয়ে চলে চেনা মাটির গন্ধে,
চেনা আঁধার চুঁইয়ে নামে ব্যথার বারিশ....
টালির চালের বুকের খাচা থেকে রাত ভর ঝরে যায়,
কত কথার মাঝখানে শূন্যতার গল্প চুপ থেকে যায় সারা জনমের মতো,
মুখামুখি বসে থাকা শুধু....কথাদের উষ্ণ শরীরের পালক ঝরে পরে,
কার্নিশের মানি প্ল্যান্টটার তাকিয়ে থাকা অনিমেষ নয়নে...
কোন কথা নেই বয়ানে,
সামনে খুলে রাখা বনলতা সেন,
পাখির নীড় উড়ে গেছে সে কবেই,এখন শুধু শূন্যতার
একমুঠো খড়কুটো,
রঙিন জানালার ওপার থেকে বড্ড চকচকে সব...
সব ঝুটো,সব অর্থহীন কবিতার মতো দুমড়েমুচড়ে পড়ে থাকে ঘরের কোণে গার্বেজে,
তবু কিছু কথা থেকে যায় বলবার...
মুখোমুখি বসবার,থেকে যায় একটা জনমের লেনদেন।।
ভুলভাল আমি তুই
আমি ভুল করেই তোর গলির মোড়টাতে
তোকে হারিয়ে ফিরে আসি একলা ঘরে
ভুল করেই অভিমানী আকাশে লিখি দিই তোর নাম,
ভুল করেই বৃষ্টি বিকেল মেখে নিই দুটো চোখে
ছাদের কোণে দাঁড়িয়ে থেকে খুঁজতে থাকি...
তোকে হরেক শাম।
আমি কলমে খাতায় তোর চোখ আঁকি মন কেমনে...
হাতড়ে ফিরি ভুলের ফুল তোকে উপহার দিতে,
আমি একটা জীবনের ভুল খুঁজে খুঁজে হয়রান হই
ভুলের গোলাপ সাজিয়ে রাখি হৃদয়ের রেকাবিতে।
আমি ভুল ভুল তোকে ছুঁই সকাল বিকেল দুপুর রাত
ভুল করে ভুলে যাই ভুলে যেতে তোর কথা,
ভুল অঙ্কে লিখে রাখি জীবনের সিড়ি ভাঙা গণিত...
হিসেব তুলে রাখে না আমার ভুলে ভরা খেরোখাতা ।
ভুলে ভরা আমিটাকে গচ্ছিতে রেখে তোর কাছে...
আমার রোজ রোজ নবীন ভুলের খোঁজ জীবন চত্তরে,
হাজার ভুলের নীল অপরাজিতা কণ্ঠে ভরে নিয়ে....
শেষ বিকেলে তোর ভুল মায়া নিয়ে ফিরে আসা ঘরে।
ভুলভাল জীবনের চিলেকোঠায় ভাজ করে রাখা...
স্বপ্ন স্বপ্ন চোখে সাজানো মায়াবী কাজল তুই নীলাঞ্জন,
ভুল আমিটার তুই ভুল করে খুঁজে ফেরা মরিচিকা...
জীবন নামক মরুভূমিতে তুই ই তো মরূতৃষা নীলাঞ্জন।।
....................................
Chhanda Dam
L C Road
Po & dist... Sribhumi Assam

Comments
Post a Comment