দূরের তুমি
উৎপল হালদার
আরো দূরে দূর-দূরান্তরে
ঐ সুনীল গগন মাঝারে
মেঘ সাজানো থরে বিথরে
সূর্য ডোবে সেথা শ্রান্তিভরে।
পান্ডুর সন্ধ্যা নামিল ধীরে
জাগে আশা হৃদয়ের তীরে
জীবন তরী চলেছি বেয়ে
তোমারি প্রণয় পথ চেয়ে !
কত গিরি সাগর প্রন্তর
নন্দিত হয় বন-বনান্তর
কত নির্ঝর হয় চঞ্চল
মনোহর রজত অঞ্চল।
চাঁদের নীল নীলিমা তলে
কেন মরমে মন্থন চলে--
কেন গো তুমি গাহিছ গান
ঐ চিত্ত কারে করেছ দান--
আলো-ছায়া মেঘের খেলায়
নব প্রেরণায় প্রাণ ধায়---
নীবিড় নিশা সিক্ত সরস
স্বপনে স্বপনের পরশ---
ফাল্গুন রচে অতি নন্দন
ফুল বনে ঢালে হরিচন্দন
দেখি অতিকায় নীহারিকা
তুমি কি শুধুই মরীচিকা ?
সুধা-ঘন গোপন নিশীথে
এসো অফুরান প্রেম দিতে
যৌবন সরসি ঝিকিমিকি
সে অনুভব মরমে লিখি।
শত বেদনা আর দুঃখে
ধরণীর সীমা ঘেরা বুকে
থাক শুধু স্বপনের ঘোর
থাক সে সুখ জীবন ভর।
সোনা ঝরা জোনাকির মত
ঢেলেছ তরল আলো কত
আমার এ হৃদয় সাগরে --
হয়েছে মত্ত চিত্ত চকোরে !
তবু পিপাসায় কাঁদে প্রাণ
সুর হারা হলো যত গান --
মরম-বীনা স্পন্দন হীন
স্বপন বরষা উদাসীন ---
যৌবন পরশি নিশি ভোর
চলে গেলে তুমি হাসি চোর
হয়তো ব্যথিত অন্তরে--
চলে গেলে দূর-দূরান্তরে !

Comments
Post a Comment