কবিতাগুচ্ছ ।। গোবিন্দ সাহা
উচাটন মন
বালিকা তটিনীর যৈবতী স্রোত
বর্ষার ঝিরঝিরে প্রেক্ষাপট।
পাহাড়ের প্রগাঢ় সবুজ আঁচলে
ডুকরে কাঁদে অবলা প্রেম।
ভেজা হাওয়ায় ভাসে প্রান্তর
শুষ্ক মরু তখনো ছন্নছাড়া মন।
কাজল-মেঘ জমেছে কিনারে
ভিজিয়ে দেবে বড়ালের পাতা।
ধোঁয়াটে বৃষ্টির আরশিতে একা
তুমি আর কতদিন দেখবে মুখশ্রী?
শাওনের উদ্বাস্তু পুঞ্জীভূত নীরদ
ঢেকেছে অশ্রু সিক্ত বিরহী নয়ন।
চেয়েছি তোমায়
ক্ষরণ শুধু হৃদয়ে নয় পাথরে
টুপটাপ দুঃখ গুলো জলপ্রপাত।
জংলী গাছের ডগডগে ফুল
ভির্মি নেশা মস্তিষ্কের কোটরে।
নিরাকার মেঘেদের ভিতর
আবছা হয়েছে ধোঁয়াটে সবুজ।
তীক্ষ্ণ বুনো বিহঙ্গের শিস্ শুনে
মনে পড়ে বিগত জন্মের ভালোবাসা।
মাটির সোঁদা গন্ধে ধান গাছ হয়ে
হেম রঙা বিকেলে চেয়েছি তোমায়।
আটপৌরে জীবন
নিঃসঙ্গ মেঘ এসে ডেকে গেল
খোলা জানালায়।
কাঠের বাড়িতে মানুষ কোথায়
এই পার্বত্য নিরালা গ্রামে?
বিন্দু বিন্দু নির্যাস পাথরের গায়ে
জলপ্রপাত আছড়ে পড়ে নিম্নে।
নিঃসঙ্গতা নদী হয়ে যায় সমতলে
তখন ডিঙি ভেসে যায় বক্ষদেশে।
গাঙচিলের ক্ষুধাতুর ঠোঁটে
তোলপাড় হয় আটপৌরে প্রেম।
----------------------------
গোবিন্দ সাহা, সিউড়ি, বীরভূম, পশ্চিমবঙ্গ, পিন-731101

Comments
Post a Comment