বর্ষার ওপাশে তুমি
মেশকাতুন নাহার
মেঘভেজা এই থমকে যাওয়া ধূসর নগরীতে,
তোমার ছোঁয়াই জড়িয়ে আছে শ্রাবণ-লহরীতে।
ঝুমঝুমাঝুম বৃষ্টি নামলেই ব্যাকুল হৃদয় মোরে,
হন্যে হয়ে তোমাকেই আজো খোঁজে আপন করে।
জানালাজুড়ে সুর তুলেছে টুপটাপ ওই জল,
ভেজা নীলিমায় ডানা মেলেছে স্মৃতির চাতকদল।
তুমিহীনা এই শ্রাবণ যেন একলা চলার পথ,
বুকের ভেতর জমিয়ে রাখে নিঝুম ব্যথার রথ।
আজ বিকেলের সিক্ত হাওয়া উদাস করে মন,
ভাবায় বসে মানুষ বুঝি একাকী সারাক্ষণ।
আসলে কেউ বৃষ্টিতে নয়, পুড়ছে স্মৃতির আঁচল,
চোখের কোণে জমছে কেবল একলা মেঘের কাজল।
চায়ের কাপের শীতল ধোঁয়া শূন্যে হারায় ধীরে,
অর্ধেক গান থমকে দাঁড়ায় তোমার নামের নীড়ে।
জানলা ঘেঁষে বসে আছে ওই অভিমানী রাত,
খুঁজছে কেবল চেনা কোনো এক চঞ্চল দুটো হাত।
ফিরে না এসেও অনুভবে তুমি জড়াচ্ছ যে সংশয়,
নীরব ব্যথায় গুমরে মরে আমার এ হৃদয়।
এই শহরের কালো মেঘে তোমার শূন্যতা জাগে,
বজ্র আলোর ঝলকানিতে ব্যাকুলতার অনুরাগে।
হঠাৎ যদি ফোনের ওপাশ ভেসে আসত গান,
মুছিয়ে দিত চোখের কোণের জমানো সব অভিমান।
-----------------------------
মেশকাতুন নাহার, প্রভাষক সমাজকর্ম
কচুয়া,চাঁদপুর।

Comments
Post a Comment