তিনটি কবিতা ।। বিজিত মন্ডল
মেঘের ছবি
আকাশ গায়ে ওই ফুটেছে
শরৎ মেঘের ছবি,
সাদা মেঘের জমাট ভিড়ে
আটক সোনার রবি।
আসছে পুজো ধরা তোলে
স্বস্তি পেয়ে মানুষ,
হাঁপ ছেড়ে সব আনন্দেতে
ওড়ায় খুশির ফানুস।
জলে ভেজা কাদামাটির
ছেড়ে পচা গন্ধ,
জেগে ওঠে সবুজ ঢেউয়ে
খুশিরই আনন্দ।
শরৎ বৃষ্টির ধোঁয়াশা গ্রাম
মাঠের ওপার থেকে,
ভেসে আসে পুজোর ধ্বনি
দুঃখ পিছিয়ে রেখে।
বনানী রাও ওঠে জেগে
নতুন পুজোর টানে,
শরৎ এলে দূগ্গি ঠাকুর
ভাসে সবার প্রাণে।
সহজ উপায়
মাধ্যমিকে তিন বিষয়ে
লেটার পেল রামু,
রেজাল্ট দেখেই চুমু খেলো
তারই কাকা দামু।
খবর পেয়ে দাদুর মনে
বয়ে খুশির প্লাবন,
প্রাইজ দেবে আকাশের চাঁদ
বলেই ফেলেন তখন।
রামু বলে চাঁদ উপহার,
দেবে কেমন করে?
দাদু বলেন সুতোয় বাঁধা
ঘুড়ি দিয়ে ধরে!
বলল রামু মিছে ভাবনা
ফেলে শোনো দাদু,
ঘুমেই ধরো স্বপ্নেতে চাঁদ
সহজ উপায় চাঁদু।
আমি বন্ধু
কুঠারে সান দিচ্ছ কেন
ও কাঠুরে ভাই?
আমি যে গাছ বন্ধু তোমায়
দেখে তো ভয় পাই।
আমার অক্সিজেনেই বাঁচো
তোমরা মানব দল,
আমাদের ফুল-ফল তোমাদের
বাড়ায় দেহের বল।
আমার পাতার স্নিগ্ধ শীতল
ছায়া সবার প্রাণ,
রক্ষা করে আমরা হলাম
ঈশ্বরেরই দান।
মারলে আমায় কষ্ট তুমিই
পাবে বারংবারে,
বন্ধু হয়ে থাকলে পাশে
থাকবে উপকারে।

Comments
Post a Comment