রক্তনালা
সরজিৎ মণ্ডল
নালা উপচে রক্ত বয়ছে কেন?
তা নিয়ে সক্কালবেলায় ঘটে গেল
এক রক্তারক্তি কাণ্ড।
দুই ভাইয়ের মধ্যে। রক্ত সম্পর্কের ভাই।
অথচ, যা ঘটল, তা দেখে
মুরগিগুলো পর্যন্ত খাঁচা ছেড়ে পালাল।
রোজ পাঁচ-দশটা না, একেবারে
চল্লিশ-পঞ্চাশটার গলা কাটা হচ্ছে!
ফলে, সরু নালা ভেঙে রক্ত দাদার
ঘরে ঢুকে যাচ্ছে বেশ কয়েকদিন।
আর তাতেই, মোরগ লড়াই
শুরু হয়ে গেল। পরে লাঠালাঠি,
ফাটাফাটি ও মারপিট!
এরই মাঝখানে, ছোট কখন মুরগি কাটার
দা-টা দা-র গলায় বসিয়ে দিল!
ব্যস, নালির রক্ত দোকানের ওই
নালাকে, আরও বেশি উপচে দিল!

Comments
Post a Comment