এভাবেই বেড়ে উঠছিল আমার প্রেম
পার্থ বসু
সেসব প্রত্নবাগানে, মুচিল্যাঁতের ফটক সরিয়ে কণিকাদি ফুল তুলতে আসতেন
ঘাসের চেয়েও নরম পা, টুপ করে ফেলতেন ফুলের মতো
সে এক মায়াপুরাণ
ছুটিতে দুই-কামরার বৃন্দাবনে, ফুটে উঠতেন বকুল দিদিমণি
আমি বীজগণিতে, বয়সের সূত্র মিশিয়ে
মহাপ্রভুর ভঙ্গিতে এগিয়ে দিতাম তাম্রলিপি খাতা
"প্রিয়তমা" পোস্টকার্ড ফেলে আসতাম লাল-ডাকবাক্সে
সেসব ক্ষণজন্মা সন্ধ্যা মালতী প্রেম
দেবীপক্ষের দু'দিনেই ফুরিয়ে যেত আমার সব ট্রাম্পকার্ড
তারপর সেই ফিরোজা ফকিরি
ট্রাপিজিয়াম গেম, চাঁদ ছুঁই কোজাগরী খেলা
আর সব বাড়িই জতুগৃহ জেনে, খুঁজে রাখা গুপ্তপথ।
----------------------
পার্থ বসু, মালদা,

Comments
Post a Comment