গুচ্ছকবিতা ।। মোঃ আব্দুল রহমান
১. আঁধার ভাঙতে ভাঙতে
ধূসরতায় যখন পৃথিবী ঢেকে যায়
আকাশ তখন অদ্ভুত উত্তপ্ত
তলিয়ে যেতে থাকে মানবতার কোলাহল
লাল বরফ গলতে গলতে মনের
নীলনদ শুষ্ক বালিস্রোতে নির্জনে দাঁড়িয়ে
টোকা দেয় আড়ালে জীর্ণ বাতাসে
এক টুকরো আগুনের ফুলকি
যার অদম্য তেজস্বক্রিয়তা
ভয়ানক উষ্ণতা আর দৃঢ় নিস্তব্ধতা
আঁধার ভাঙতে ভাঙতে প্রবেশ
এ তুষের আগুন কখনো নেভে না!
কখনো মরে না! কখনো ঝরে না!
শুধু সত্যের পথে দাঁড়িয়ে থাকে সাদা পোশাকে
নৈতিকতা আর মনুষ্যত্বে নির্ণীয়মান স্তম্ভ!
২. পাপেট
চুরি হত্যা বোমাবাজি খুন
আর প্রত্যহ খবরের পাতায় ধর্ষণ
এ কি চলছে তবে?
লজ্জাকে দেখে লজ্জাও আজ অনেক দূরে
পালিয়েছে।
তবে আমি কোথায় মুখ লুকাবো এখন
আমার কোনো ঠুশি নেই,
ঠুলিও নেই
ছেঁড়া ছেঁড়া বস্ত্রে গা মোড়ানো,
লজ্জা আজ কাঠগড়ায়
বিবেকের হাতছানিতে আটক শরীর আমার।
এখন মানুষ আর মানুষ নেই
মানুষের পোশাকে কেবল ইজ্জতহীন পাপেট!
৩. আগুন তবুও জ্বলে না
যৌবনের আষাঢ় মাস শুরু
বিন্দু বিন্দু রক্তে পৃথিবী ঝিমাচ্ছে
ভ্যাপসা গরম তবুও বৃষ্টির আকাল গগনে
গভীরে তৃষ্ণার্ত মেঘেরা গুড়মুড় ডাকছে
আগুন লাগল যৌবনের নদীতে, বান এল যেই
ভেসে গেল দুগ্ধে বক্ষস্থল---
বারমুডা ট্রাঙ্গলে যেই যায় সেই নিখোঁজ হয়
নেটওয়ার্ক লোকেশন হারিয়ে ফেলে
আমিও জ্বলছি আগুনে, তবুও আগুন জ্বলে না
আমি পুড়ছি পিপাসিত যৌনতায়
সে তবুও পোড়ে না!
চাঁদের কলঙ্ক কি খুঁজিনি কখনও
গোলাপের সৌন্দর্য কি মাখিনি কখনও
ঘাসফুল আর টিউলিপের ঘ্রাণ লজ্জিত করল আমায়
সে হাত বাড়ায়, আমি পুড়ে ছাই হয়ে যায়
এ আগুন তবুও জ্বলে না! অদৃশ্য বাতাসে কেবল
ফুলকিরা ওড়ে
সে কেবল মারিয়ানার হৃদয়ে ডেকে পুড়িয়ে
ছারখার করে দিল আমায়!
-------------------------
মোঃ আব্দুল রহমান
বহরমপুর, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ
পিনকোড- ৭৪২১৬৫

Comments
Post a Comment