কার্ত্তিক মণ্ডল
সবার সেরা
আমার গাঁ-টা আমার কাছে
সত্যি সবার সেরা
হিজল বকুল কাশ ও পলাশ
হরিৎ রঙে ঘেরা ।
দিন প্রতিদিন সূর্য ওঠে
পুব আকাশে ওই
ঝিকিরমিকির আলো আমার
ছেলে বেলার সই।
জল থই থই পুকুর ডোবা
পদ্ম শালুক হাসে
মনের সুখে হাঁসেরা সব
সারে সারে ভাসে।
নীল আকাশে ভীড়ছে যত
চিল বলাকার দল
বৃষ্টি ছোঁয়ার রামধনু রঙ
কোথায় পাবি বল ?
কোথায় পাবি জাম জামরুল
তাল খেজুরের সার
মেঠো পথ হাতছানিতে
ডাক দেয় বার বার।
গামছা পেতে মুড়ি খাওয়া
সাঁতরে পুকুর পার
শীতলপাটির সাজানো ঘর
আমার গ্রাম্য মার ।
মাঝখানে বয় ছোট্ট নদী
দুই পাড়ে কুঁড়ে ঘর
বাস করি সব হেসে খেলে
কেউ নয়কো পর ।
সব ভুলে যাই
মাগো,
তোমায় পেলে সব পাওয়া হয়
খুশির নাইকো শেষ
গাছে পাতায় দোদুল দোলে
মিষ্টি আলোর রেশ ।
তোমার হাসি হাসায় মোরে
রাঙা ফাগুন এ অন্তরে
রূপ চিকনের পরশ মেখে
গাই গাথা সন্দেশ।
তোমায় পেলে সব পাওয়া হয়
খুশির নাইকো শেষ।
তুমি হলে ভোরের আলো
প্রভাত বেলার সুর
রূপালী চাঁদ টলোমলো
জোছনা ভরপুর।
হৃদয় বীণার তারে তারে
ভালোবাসারই ঝংকারে
দ্বন্দ্ব দ্বিধা বিষাদ গুলো
ভেঙে কর চুরচুর।
তুমি হলে ভোরের আলো
প্রভাত বেলার সুর।
তোমার সুরে সুর মিলিয়ে
বলেছি কত কথা
মেনেছি প্রেম ভালোবাসা
দুঃখ বেদন ব্যথা।
মানুষ হতে হলে তবে
হৃদয় তোমার খোলা রবে
উঠতে বসতে চলতে বলতে
সোজা পথের উদ্গাতা।
মেনেছি প্রেম ভালোবাসা
দুঃখ বেদন কথা।
কাটব না গাছ আর
আমি যখন ছোট্ট ছিলাম
গাছে ভরা ছিল চারদিক
সবুজে ঘেরা বিটপের দল
আলো মেখে হাসে চিকচিক।
লোকগুলো সব দুষ্টু ভারি
গাছগুলো কেটে ফেলে
রাস্তায় বেরোনো দায় এখন
কে যেন আগুন ঢালে।
বনফুলের সুগন্ধে সবার
মাতাল হতো মন
চিরদিনের বন্ধু হলো গাছ
অতি আপনজন।
ফুল ফল ছায়াও দেয়
আনে বৃষ্টি ধারা
শেকড় দিয়ে মাটি ধ'রে
ধরা বাঁচায় তারা।
এমন বন্ধু সুজনকে ভাই
কাট কেন তোমরা?
না নিয়ে দিয়ে যায় সব
তাই বাঁচি আমরা।
এসো প্রতীজ্ঞা করি,আর
কাটব না কেউ গাছ
বাঁচব তবেই তুমি ও আমি
করব পৃথিবী রাজ ।

Comments
Post a Comment