
বি এম মিজানুর রহমান
১।
আঁধার আমার ভালো লাগে
লোক সমাজে থাকি বন্ধু
সবাই সবার স্বার্থে রয়,
কেমন আছো জিজ্ঞাসিলে
ভালো আছি মুখে কয়!
ভয় করে কেউ কাছে আসলে
বুঝি স্বার্থে পড়ছে টান,
এই ভুবনে স্বার্থ ছাড়া
কে আছে রে গাবে গান?
বানের জলে ভাসে উঠোন
আঁধার ভালো লাগে তাই,
মনের মাঝে দুঃখ কতো
বলার কোনো জায়গা নাই!
চাই না আলো বলে ঢাকি
দুই হাত দিয়ে নিজের মুখ,
আমার মতো কারো ভাগ্যে
রয় না যেনো এমন দুখ।
সুখ সহে না আলোর শোভায়
আঁধার ভালো লাগে খুব,
একা একা নিরিবিলি
আঁধারে তাই দিই যে ডুব।
২।
টিকিটাকা ফুটবল
বিশ্বকাপের খেলায় মেতে
ছিলাম ছোট্ট বেলা,
সাম্বা তালে দেখতাম তখন
ব্রাজিল দলের খেলা।
মেলা বসছে আজকে দেখি
টিকিটাকায় আজি,
স্পেন দলের ওই খেলায় মেতে
ধরছে সবাই বাজি।
রাজি যেন বলতে সবাই
ফুটবল সেরা খেলা,
বিশ্বকাপে বসে যেন
সারা বিশ্বে মেলা।
খেলার ভেতর ছোট্ট পাসে
টিকিটাকা পায়ে,
চোখ জুড়ানো বলের খেলায়
গোল করতে চায়ে।
মায়ে বলে দেখো খেলা
হইওনা দল অন্ধ,
ফুটবল খেলা উপভোগের
ছাড়ো সকল দ্বন্দ্ব।
৩।
মধুমতি সেতু
থাকি সই গাঁয়ে ঘুরে ফিরি নায়ে
মধুমতি দেয় সুখ,
হবে ভাই সেতু ভালো সেই হেতু
আশা ভরা মোর বুক।
হলো যে পিলার বন্ধু মেলার
উপলক্ষ যে হয়,
হইবে রে কবে জিগায় যে সবে
দেখা হলে তাই কয়!
হচ্ছে না সে কী আমড়ার ঢেঁকি
হবে কি রে সেতু সই,
সেতু হলে গাঁয়ে হেঁটে নিজ পায়ে
এপার ওপার রই।
যদি সেতু রাঙে আমাদের গাঙে
কাটবে মধুর ক্ষণ,
নইলে যে শোক পাবে সবে শোক
ভেঙে যাবে ভাই মন।
মধুমতি বুকে বাঁচি মোরা সুখে
সেতুর স্বপ্ন নিয়ে,
সরকার এসে দেশ ভালোবেসে
গড়ুক যে সেবা দিয়ে।
কলমেঃ বি এম মিজানুর রহমান
ঠিকানাঃ কোটাকোল, লোহাগড়া, নড়াইল, বাংলাদেশ।
Comments
Post a Comment