কবিতাগুচ্ছ
নজমুল ইসলাম খসরু
(০১)
।। কালের ছিন্নপত্র ।।
কালের ছিন্নপত্র পড়ে থাকে অবেলায়
চুরি হয়ে যায় মুক্তা দানা
খোলস ভাঙা ঝিনুক কেবলই হাসে।
লতানো গাছে স্থির বসে থাকে ফড়িং
পিপড়েরা ছুটে চলে দলবেঁধে
সাদা মেঘের গায়ে রোদ ঝলমল করে।
গহীনের গান বাজে দূরে কোথাও
দৃষ্টিতে শুধুই সীমানা প্রাচীর
রঙধনু রঙে সাজে অসীম আকাশ।,
কোন এক শূন্যতায় জেগে থাকে অনন্ত সময়।
(০২)
।। খরা শেষের রঙধনু ।।
প্রভাতের ধ্রুব আলো
নদী তীরে কাশফুল
সাদা মেঘের গায়ে রোদের ঝিলিক
কোমল অনুভূতিতে জেগে থাকে।
নিষ্প্রাণ খরার প্রকোপ
আকণ্ঠ অস্বস্তি বিরাজমান
বাস্তবতা চোখ ধাধায়।
বৃষ্টির শীতল ঝাপটা শেষ হয়
রঙধনু রঙে মেতে উঠে বিস্তৃত আকাশ।
(০৩)
।। সংযত হাতছানি ।।
অবেলায় হেঁটে যাও তুমি
ঘোর অমানিশায় আবছায়া
নক্ষত্রের রাত পেরিয়ে নিকষ অমাবস্যা,
তবু থেমে যাওনি।
ঝলমলে রোদের দিনে
ছায়ারা সঙ্গী ছিল
আলোর খেলায় ছায়া ছিল দীর্ঘ
কখনো মুছে গিয়েছিল,
তবু হারিয়ে যাওনি।
দিনান্তে জেগেছিল মোহ
সময়ের বৃত্তে বন্দী হওনি
সীমানার ওপরে রেখেছো সংযত হাতছানি।
---------------------------------------
নজমুল ইসলাম খসরু
লাউয়াই, দক্ষিণ সুরমা, সিলেট।

Comments
Post a Comment