সাবেকিয়ানা
মীনাক্ষী চক্রবর্তী সোম
(গুয়াহাটি, অসম)
বাঙালিয়ানার জিওনকাঠিতে
সাবেকিয়ানার বর্ষবরণ দোরগোরায়
মাঙ্গলিক চর্চায় বিধৌত মন্ত্রোচ্চারণ
পরম্পরাগত লোকায়ত বিভঙ্গে
লাবণ্যময় তার চলন।
শব্দহীন শীলমোহর দাগপুষ্ট হালখাতা
বাঙালিয়ানার চিরাচরিত উদযাপন সে ক্ষণ।
স্মৃতিমেদুর কথকতায় সিল্যুয়েটে ভাসে
কোনও এক পথের বাঁকে।
বাঙালিয়ানার জিওনকাঠিতে
যতিচিহ্নের পর মিলন পিয়াসি কিশলয়
স্বস্তিক চিহ্নে ছোপা আমপাতার সারি
আকন্দ ফুলের মালায় শেষবসন্তের ছোঁয়া।
সাজে বনভূমি, সাজে গৃহস্থ আঙিনা।
গাজনের শিঙ্গা বাজাত কোন এক কিশোর
চড়কের মেলায় তার ব্যস্ততা মেলা
'হরগৌরী প্রাণনাথ' বলে অসিতে দাঁড়াত সে
কালচক্রে খানিক জং ধরেছে তার সাহসে।
বাঙালিয়ানার জিওনকাঠিতে
ভর চৈত্র জুড়ে সিঁদুরমাখা শিবের পাটা
কৌটোয় মুঠো মুঠো ছাই।
পিঠে বড়শিবিদ্ধ আবেশে
বনবন ঘোরে শূন্য থেকে মহাশূন্যে।
বাঙালিয়ানার জিওনকাঠিতে
মনের গভীরে ঝড় তোলে বাউল
একতারাতে সুর বাজে মিলনের
নাড়ির টানে দোলে মন, দোলে চরাচর
বৈশাখে বিদ্যমান রবিঠাকুর।
প্রকৃতির দেহবল্লরীতে সৃষ্টির প্রাণস্পন্দন।
পুরাতনী সম্ভার নবীনের বরণডালায়
বাউল কীর্তন রবি- নজরুল
হাসনরাজা আর লালনসাঁঈ
সব পেয়েছির দেশে ভবাপাগলা দোহার দেয়
আটপৌরে যাপিত ছবিতে হর্ষোল্লাস।।

Comments
Post a Comment