রৌদ্রছোঁয়া বৈশাখে প্রাণের জাগরণ
মেশকাতুন নাহার
নিশীথ শেষে রাঙা ভোরে জাগে নব উদয়,
বৈশাখ নামে আগুন রঙে প্রাণে নবময়।
পুরোনো সব ঝরুক ধুলায়, যাক যত ক্লান্তি,
নতুন দিনের রোদে উঠুক জীবনেরই শান্তি।
ঢাকের তালে কাঁপে ধরণি, দোলে হৃদয়দ্বার,
শঙ্খসুরে ভেসে আসে শুভ সূচনা আবার।
রঙিন স্বপ্ন জেগে ওঠে মাঠে ঘাটে প্রাণ,
বাঙালির এই উৎসবে মিশে আপনারই টান।
পান্তা-ইলিশ, হাসির ধ্বনি, মাটির ঘ্রাণ ভাসে,
একই সুরে বাঁধে প্রাণ ভালোবাসার সুবাসে।
লাল-সাদার বর্ণিল ছোঁয়া রোদে খায় দোল,
সংস্কৃতির এই রূপে জাগে হৃদয়েরই রোল।
বেদনা যত ছিল মনে, যাক না দূরে সরে,
আশার আলো জ্বালো আজ প্রতিটি অন্তরে।
খোলা আকাশ, নীলের বুকে রৌদ্রখানি হাসে,
নতুন স্বপ্ন লিখে দাও আজ জীবনেরই পাশে।
ভাষার টানে, সুরের বাঁধনে জাগে পরিচয়,
বাংলা বছর বয়ে আনে শত আনন্দময়।
শেকড় ছুঁয়ে দাঁড়িয়ে আছি ইতিহাসের তরে,
বাঙালির এই প্রাণের গান বেজে ওঠে ঘরে।
এসো তবে হাতে হাত রেখে গাই নব গান,
বৈশাখ হোক প্রাণের ছন্দ, জাগুক মানব প্রাণ।
এই মাটিরই টানে গড়া স্বপ্ন হোক অটল,
বর্ষবরণে জাগুক প্রাণ—চিরসবুজ, অমল।
..............................
মেশকাতুন নাহার
প্রভাষক সমাজকর্ম
কচুয়া সরকারি ডিগ্রি কলেজ,
চাঁদপুর।

Comments
Post a Comment