বোশেখের ঘুড়ি
শাহ মতিন টিপু
এক অদৃশ্য সুতোয় আমাকে বেঁধে রেখেছে এক চিরহরিৎ বিল— ফলানো শস্য তার দোল খায় হাওয়ায় হাওয়ায়, কুচকুচে কালো দীর্ঘ লেজ দুলিয়ে ফিঙে মাতে উৎসবে
সাদাকালো দোয়েল শিশে শিশে করে আবাহন—
ভোরের আলোয় সজীব হয়ে ওঠে রাতের ঘাতে নির্জীব হওয়া মন।
বিলের ডান পাশ ঘেঁষে বয়ে যাওয়া খালে ডুব সাঁতার, কাপড় আঁচলে ছোটো মাছ ধরা নিয়ে ছোটাছুটি হইচই, জোয়ারের জলে ঝাপ কিংবা
হারাহারি খেলায় বেলা পার করে—
আলপথ ধরে শেষে ফিরে যাওয়া ঘরে।
শালিকেরা বাগানের ফুল ফলে দলে দলে কোলাহলে উচ্ছল, জলাধার জুড়ে বকের আনাগোনা, নিজের বোনা বাসায় আয়েশে দুলতো বাবুই—
সুখ আর সুখ এই পাখি ওড়াউড়ি
দূর সে বাঁধনে আমিও যে বোশেখের ঘুড়ি।
.............................
শাহ মতিন টিপু
সেগুনবাগিচা ঢাকা ১০০০

Comments
Post a Comment