
হালখাতার আলপনা
দীপঙ্কর বৈদ্য
রোদ চনমনে বৈশাখী দিন
বাজছে কাঁসর ঘন্টা,
নতুন সাজে মাতল আজই
সবার দস্যি মনটা।
আমের মুকুল গন্ধে বিভোর
ডাকছে কোকিল ডালে,
দুলকি চালে মেলায় মানুষ
নাচছে তালে তালে।
চৈতি গেল রোদের দিনে
দুঃখ ধুলোয় ভাসুক,
নতুন খাতা মিষ্টিমুখে
সুদিন ঘরে আসুক।
সিঁদুর ফোঁটা মাঙ্গলিক ঐ
গণেশ ঠাকুর ঘটে,
পদ্মপাতা আলপনা সব
বারান্দাতে ফোটে।
মুছে যাক সব পুরনো শোক
জীর্ণ গ্লানি যতই,
আবির মাখা রঙিন বেলা
আসুক ফিরে সবই।
_________________
নাম - দীপঙ্কর বৈদ্য
গ্রাম - চম্পাহাটি (হালদার পাড়া)
পোঃ - চম্পাহাটি
থানা - বারুইপুর
জেলা - দক্ষিণ চব্বিশ পরগনা
সূচক - ৭৪৩৩৩০
Comments
Post a Comment