বটতলার বৈশাখী মেলা
কিশোর পণ্ডিত
বৈশাখ মাসের তপ্তদাহে
সন্ধ্যা নদীর বাঁকে,
বটতলায় মেলা বসেছে
হাজার কাজের ফাঁকে।
দলে দলে শিশু-কিশোর
রঙ বেরঙের সাজে,
মেলায় যাচ্ছে মনের সুখে
ঢাক ঢোল বাজে।
বাঁশের বাঁশি বেলুন বাঁশি
আছে টেপা পুতুল,
কাঠের লাটিম মাটির ঘোড়া
দুলছে কানের দুল।
নাগরদোলা উপর নিচে
ঘুরে দিচ্ছে দোলা,
পুতুল নাচ দেখে সবাই
দেখছে বাঁদর খেলা।
গুড়ের ঝুড়ি চিনির ঝুড়ি
জিলিপি তিলের খাজা,
মুড়ি- মুড়কির জমাট ভিড়ে
আছে পাপড় ভাজা।
কাচের চুড়ি রঙিন ফিতা
ঝুলছে পুতির মালা,
উড়ছে বেলুন রঙিন ফানুস
জমছে গানের পালা।
নানা ধর্মে নানা বর্ণে
জমছে মেলা বেশ,
বটতলার বৈশাখী মেলা
সম্প্রীতির বাংলাদেশ।
.......................
কিশোর পণ্ডিত
গ্রাম:বেকার কোনা,
উপজেলা: মধুপুর,
জেলা: টাঙ্গাইল।
বাংলাদেশ।

Comments
Post a Comment