নবীন পরশে বৈশাখ
সোমনাথ লাহা
বাংলা ক্যালেন্ডারের পাতা যখন চৈত্রের ঘরে,
শুরু হয়ে গেল দিন গোনার পালা…
নতুনের আগমন ধ্বনির শব্দ এসে বাজলো কানে—
বলে গেল, আসছে সে পায়ে পায়ে।
নীলষষ্ঠী-চড়কের সময় থেকেই দিল করাঘাত,
উড়িয়ে দিয়ে সবকিছু চৈত্রের কালবৈশাখী ঝড়ে;
বিদায়ের সুর যেন উঠলো বেজে, মেতে ওঠা প্রাণ—
নতুনের আহ্বানে আপনিই গেয়ে ওঠে সেই গান:
"এসো হে বৈশাখ এবার তাপসনিশ্বাস বায়ে,
মর্মে জাগরিত করো নতুনের চেতনা; নব বরষে তব হরষে—
পুরাতন যত ধুয়ে মুছে যাক, রাঙা রোদে আম্রপল্লবে।"
মিষ্টি মধুর হাওয়া করুক বিচরণ, পান্তা-ইলিশ—সঙ্গে
মিষ্টিমুখ, পঞ্জিকা আর নতুন ক্যালেন্ডার...
হালখাতা দিয়েই শুরু নববর্ষের আয়োজন।
ধুতি-পাঞ্জাবি, শাড়িতেই বাঙালিয়ানার ছোঁয়া,
নতুন সূর্য বয়ে আনুক আলোর রঙিন মায়া।
ক্লান্তি ঘুচুক নতুন সুরে, বাজুক আশার সুর—
নবীন পরশে গাথা হোক বৈশাখী রোদ্দুর।
......................................
সোমনাথ লাহা
সাউথ সিঁথি রোড,
কলিকাতা -৭০০০৩০

Comments
Post a Comment