পান্তার জলে ভেজা বছর
সন্দীপ ঘোষ
শোনো রে সভাসদ,
ঢোলের তালে তালে খুলে দিই কাহিনি—
আজ আমার থালায় পরিবেশিত
একখানি সময়ের উপাখ্যান।
এক পাশে পান্তা ভাত—
অতীতের জলে ভিজে থাকা নির্বাক ইতিহাস,
অপর পাশে ইলিশ মাছ—
রুপোলি মায়াজালে মোড়া ভবিষ্যতের প্রলোভন।
বল হে মন—
এই যে পান্তার টক গন্ধ,
এ কি কেবল সময়ের রসায়ন?
না কি এ সেই জমাটবাঁধা অপমান,
অপূরণীয় বাসনা,
অপ্রকাশিত ক্লান্তির নোনা জল—
যা আমরা ফেলে দিতে না পেরে
ভিজিয়ে রাখি স্মৃতির কলসিতে,
যেন দিন গেলে তার দাহ কমে আসে?
মা বলেছিল—
“পান্তা খেলে দেহ শীতল হয়”—
কিন্তু বলো তো,
এই সমাজের অন্তর্গত দহন,
এই অবিরাম প্রতিযোগিতার অগ্নিশিখা—
সে কি কোনোদিন নির্বাপিত হয়?
না কি আমরা কেবল শীতলতার অভিনয় করি,
ঠোঁটের কোণে লবণের প্রলেপ মেখে?
আর এই যে ইলিশ মাছ—
হে দর্শকবৃন্দ,
এ কি কেবল মাছ?
না, এ এক সামাজিক মন্ত্রোচ্চারণ!
এর প্রতিটি কাঁটা—
উচ্চাকাঙ্ক্ষার মতো ধারালো,
চকচকে অথচ রক্তপিপাসু।
এর প্রতিটি স্বাদে—
মিশে থাকে দামের অহংকার,
প্রদর্শনের প্রলাপ,
আর দিবাস্বপ্নের সুগন্ধি বিভ্রম।
দেখো, কী বিচিত্র বিধান—
একই থালায় আসন পায়
অভাবের পান্তা
আর আভিজাত্যের ইলিশ।
একদিকে জীবনধারণের কৌশল,
অন্যদিকে জীবনপ্রদর্শনের কাব্য।
আমি যখন পান্তার জলে আঙুল ডুবাই,
মনে হয়—
গতকালকে স্পর্শ করছি,
যে গতকাল আমাকে শিখিয়েছে
নতমুখে বাঁচতে।
আর যখন ইলিশের কাঁটা বেছে খাই,
মনে হয়—
আমি ভবিষ্যতের শিরায় হাত দিচ্ছি,
যেখানে সামান্য অসতর্কতায়
রক্তক্ষরণ অনিবার্য।
তবু—
আমরা উচ্চারণ করি—
“নববর্ষ! নতুন আশা!”
হেসো না, হে সভাসদ—
এ এক মহান পরিহাস!
যেখানে বাসি ভাতকে সম্মান জানাই,
কিন্তু তাকে মান্যতা দিই
দামী মাছের অলংকারে।
যেন দারিদ্র্য একাকী লজ্জিত,
তাই তার পাশে বসাই
আভিজাত্যের মুখোশধারী সঙ্গী।
বল হে জনতা—
এ কি সংস্কৃতি?
না কি সংস্কৃতির ছদ্মবেশে
নিজেদেরই সান্ত্বনা?
তবু আমি খাই—
হ্যাঁ, আমি খাই।
কারণ এই পান্তার টক জলে
আমি আমার ব্যর্থতাকে নিমজ্জিত করি,
আর ইলিশের রুপোলি আঁশে
আমার স্বপ্নগুলোকে মসৃণ করি।
আজ পহেলা বৈশাখ-
তাই আমি প্রার্থনা করি না নতুন কোনো অলৌকিকতার,
শুধু এইটুকু চাই—
আমার জীবনটিও হোক এই থালার মতো—
একটু বাসি,
একটু বিলাসী,
একটু কাঁটাময়,
আর বহুলাংশে অভিনয়ে আবৃত।
এই তো জীবন—
এই তো পালা—
এই তো বাঙালির নববর্ষের গান,
পালাগান।
...........................
সন্দীপ ঘোষ
দত্তপুকুর, চন্দ্রপুর, মিতালী সংঘ , উত্তর ২৪ পরগনা,

Comments
Post a Comment