নববর্ষের আয়োজনে
গোবিন্দ মোদক
বছর শেষের ক্যালেণ্ডারে চৈতি দাগও শেষ
গাজনতলার সন্ন্যাসীদের রুখা-শুখা বেশ;
চড়কেরই বাজনা শেষে আসে যে বৈশাখ
আমের পাতায় নতুন খাতায় বেজে ওঠে শাঁখ।
পয়লাতেই গণেশ আসেন কলাগাছ-স্বস্তিকে
হালখাতা আর শুভমহরৎ হয় যে চারিদিকে;
নতুন খাতায় 'শুভ লাভ' লেখা সিঁদুর দিয়ে
পুরুতমশাই মন্ত্র পড়েন নতুন গণেশ নিয়ে।
খরিদ্দারদের আপ্যায়ন আর নতুন ক্যালেণ্ডার
সিংহাসনে পঞ্জিকা আর লক্ষ্মীদেবীর ভাঁড়;
পাড়ায় পাড়ায় পথটি হাঁটে "শান্তিনিকেতন",
জলসা আর বর্ষবরণ — সাংস্কৃতিক মন।
নাচে, গানে, উচ্চারণে, কাব্যকথায় মেতে
নতুন বছর সবার মনে আসন যে দেয় পেতে;
তারই মাঝে হাতছানি দেয় পঁচিশে বৈশাখ
রবিঠাকুর ডাক দিয়েছেন ভাবনাটুকু থাক॥
..................................
গোবিন্দ মোদক।
সম্পাদক: কথা কোলাজ সাহিত্য পত্রিকা।
রাধানগর, ডাক- ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া।
পশ্চিমবঙ্গ, ডাকসূচক - 741103

Comments
Post a Comment