কবিতাগুচ্ছ ।। চিরঞ্জিত ভাণ্ডারী
শিশির
সুচের ডোগায় যেটুকু ধরে
চোখের থেকে যেটুকু পড়ে
তেমনই রূপ নিয়ে জেগে থাকো
অবিচল।
পরমায়ু বলতে
তোমার কথা উঠে আসে
যদিও সব পরমায়ু
হয়না শিশির ফোঁটা।
বৃন্তচ্যুত বলতে যদি ঝরে পড়া বুঝি
আমার ঝরে পড়া বলতে
আলোর প্লাবনকেও বোঝায়
তফাৎ শুধু মানসিকতার উপর বর্তায় ।
যদিও বিন্দু
তবুও তোমার উজ্জ্বল জ্যোতি
শরতের মাঠ জুড়ে
ও গো ভোরের শিশির
ধানের শিষকে করো দুগ্ধবতী।
ঘুম থেকে জেগে
পিঁড়িটাতে কে যেন বসতো প্রতিদিন
দক্ষিণ জানালে বেয়ে একটি মিষ্টি বাতাস
উঠোন ভেজাত।
তারাদের মতো একেকটি করে ফুটে উঠত
রঙবেরঙের ফুল
পাখিরা এসে বসত তার চারপাশ ঘিরে।
তা দেখে আমি ভাবতাম
পিঁড়িতে একদিন না একদিন বসব
একদিন জানতে পারলাম
ও আসলে ভালোবাসা।
যাই আমার সমস্ত ময়লা ধুলো
ধুয়ে আসি আগে।
পাখিটি
বেশি দূরে নয়
যে পাখিটি রোজ গান শোনায়
মুগ্ধ করে
তার নাম জানার চেষ্টা করিনি
অথচ দেখো
তার গান কানে এলে
হৃদয়টা অলকানন্দা হয়ে যায়।
এ বিবেক বিক্রি নেই
না হয় ব্রাত্যই থাকি
জল ডুবে করায়ত্ত করি
সেই আলো হয়ে ওঠা
যে আলো জোনাকিকে করেছে গর্বিত।
কতদিন রাখবে আটকে
এ যে কোস্তুরিমৃগ
সুঘ্রাণে একদিন মোহিত হবে
সমগ্র উঠোন মাটি।
যদি বলো:করিনা স্বীকার
মানিনা তোমার প্রকাশ মহিমা
তবে বজ্রকন্ঠে করলাম ঘোষণা
এ বিবেক বিক্রি নেই ।
================
Chiranjit Bhandari
Vill+po-shyampur,ps-saltora
Dist: Bankura Pin 722158
Chiranjitbhandari81@gmail.com
Comments
Post a Comment