স্বপ্ন আমার
আসগার আলি মণ্ডল
স্বপ্ন আমার দু'চোখেতে
ভাসে দিনের আলোয়
কিন্তু দেখি স্বপ্ন আসে
গভীর রাতের কালোয়।
তেপান্তরের মাঠ পেরিয়ে
পক্ষিরাজের পিঠে
দখিন বাতাস চিত্ত দোলায়
লাগে বড়ই মিঠে।
মা'কে ছেড়ে একলা যখন
জ্যোৎস্না মেখে বেড়ায়
ইচ্ছে শত গুমরে কাঁদে
ব্যথা হৃদয় নাড়ায়।
নেই পাশেতে সঙ্গী-সাথী
নির্জন-নিরবতা
লক্ষ তারাও পর হয়েছে
ঘুরছে কেবল মাথা।
খুললো দু'চোখ মায়ের ডাকে
হয়েছে বেশ বেলা
স্বপ্ন আমার হারিয়ে গেল
এবার শুধুই খেলা।
===================
আসগার আলি মণ্ডল
বাউড়িয়া,হাওড়া-১০
Comments
Post a Comment