বিরল মানুষ ভিক্টর ভেসকেভো
গৌতম সমাজদার
সভ্যতার শুরুতে মানুষ নিজের প্রয়োজনে বেঁচে থাকার তাগিদে আগুন আবিষ্কার করেছিল। সেই শুরু, আজও মানুষ প্রকৃতিকে জয় করার অদম্য উৎসাহে এগিয়ে চলেছে, দিশা দেখাচ্ছে সভ্যতাকে। আমরা সবাই জানি পৃথিবীর সবচেয়ে উচ্চতম স্থান হল মাউন্ট এভারেস্ট। কিন্তু অনেকেই জানে না পৃথিবীর গভীরতম স্থান হল প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাদ। এই দুই স্থানেই প্রথম পৌঁছানো মানুষটি কে? হ্যাঁ, তিনি ভিক্টর ভেসকেভো। ছোট বয়স থেকেই যার প্রতিটি নিঃশ্বাসেই থাকত রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারের নেশা। পাহাড়, সমুদ্র, মহাকাশ সব জায়গাতেই তাঁর অবাধ বিচরণ। পাঁচটি মহাসাগরের গভীরতম বিন্দু যেমন তিনি স্পর্শ করেছেন, তেমনই জয় করেছেন বিশ্বের সর্বোচ্চ সাতটি চূড়া। অবাক হতে হয় এই মানুষটির জন্য। উত্তর ও দক্ষিণ মেরুতে পা রেখেছেন ভেসকেভো। এযাবৎকাল একাধিক বিশ্ব রেকর্ড গড়েছেন। ২৩ বছর বয়সের একটা ঘটনা তাকে রোমাঞ্চকর ঘটনার স্বাদ দিয়েছিল।
তিনি লাইব্রেরীতে ঘোরার সময় মেঘের আড়ালে মাউন্ট কিলিমাঞ্জারো দেখতে পেয়েছিলেন। সেই থেকেই অ্যাডভেঞ্চারের নেশা তাকে পেয়ে বসে। তিনি সাফল্যের সাথে শিক্ষা গ্রহণ করার পর গোয়েন্দা অফিসার হিসাবেও কাজ করেন। এরপর U.S. নেভীতে কাজ করাকালীন ২০১০ সালের ২৪শে মে মাউন্ট এভারেস্ট জয় করলেন। এই সর্বোচ্চ শিখরে দেখতে পান টন টন জঞ্জাল, যদিও এর জন্য মূলতঃ দায়ী অভিযাত্রীরাই। এই জঞ্জাল তাকে ব্যথিত করে। এরপর তিনি পৃথিবীর গভীর সমুদ্রখাতের গভীরতম বিন্দুতে নেমে রেকর্ড করেন। অনেক নতুন অজানা প্রাণীর খোঁজ দিয়েছেন। পেয়েছেন অসীম আনন্দ। কিন্তু অবাক হয়েছেন, সেখানেও প্লাস্টিক বর্জ্য। অজানা জলজীবনকে জানার জন্য তলদেশের পাথর সংগ্রহ করেন। চারবারের চেষ্টায় পৌঁছান সমুদ্রের ১০,৯২৮ মিটার গভীরে। তিনি অবাক হন যেখানে আজও মানুষের পা পড়েনি সেখানে প্লাস্টিক। বেশ কিছু অদ্ভুত প্রাণীর সন্ধান পান ও দেখেন। মাছের পেটেও মেলে প্লাস্টিক বর্জ্য।
তাতে তিনি দুঃখ পান। এই মুহূর্তে সাত সাগরের তলদেশে জমা জঞ্জালের পরিমাণ প্রায় ১০ কোটি টন, যা দেখে ভেসকেভো মন্তব্য করেন, মানুষকে বুঝতে হবে মহাসমুদ্র ময়লা ফেলার জায়গা নয়। সমুদ্রকে বাঁচাতে আরও কড়া নীতির দরকার। সেই সঙ্গে এই মানুষটি উত্তর ও দক্ষিণ মেরুতে পদার্পণ করে বরফের ওপর প্রায় ১০০ কিমি স্কিইং করেন। উত্তর ও দক্ষিণ মেরুতে অবতরণসহ সাতটি সর্বোচ্চ শিখর জয় করার এই দুঃসাহসিক কাজ মানুষকে মুগ্ধ করে। তিনি পাঁচটি মহাসমুদ্রের গভীরতম তলদেশকেও ছুঁয়েছেন। অদম্য ইচ্ছাশক্তি, অজানাকে জানা। অ্যাডভেঞ্চারের নেশা একজন মানুষকে কোথায় নিয়ে যেতে পারে ভেসকেভো তার বিরলতম নজির।
Comments
Post a Comment