Skip to main content

চারটি কবিতা ।। রণেশ রায়

নবপ্রভাত

চারটি কবিতা ।। রণেশ রায়



জীবনের দুই দুশমন 


দিগন্তে জোড়া দুশমন—

একটি লোভের লৌহমুষ্টি,

দখলের কারবারি;

অন্যটি অন্ধ বিশ্বাসে ঘাতক—

বিভেদের অনুসারী ;

মানুষের আকাশ ঢাকে

দু’টি কালো মেঘ।


তাদের রূপ আলাদা—

তবু শিকড় এক অন্ধকার গুহায় ;

আমরা মাটি ছুঁয়ে উঠি,

নিজ শক্তির অঙ্কুরে

জেগে ওঠে প্রতিরোধ।


গড়ি নতুন ভোর—

নেই বিভেদের প্রাচীর,

নেই কোনো বিভাজন;

শিক্ষা, স্বাস্থ্য, রুটি-রুজির অধিকার—

মানুষের ঘামে ভেজা পৃথিবী

গড়ি আমাদেরই নিজ নতুন সমাজ।।



রাত শেষে 


দূর হবে এ অন্ধকার---

রাত শেষে উদয়ের পথে 

রবে না জঞ্জাল আর,

দেখা দেবে ভোরের সকাল ---

মুখোমুখি আমি 

আর সুকন্যা আমার।



সোভিয়েত



ভুল বুঝো না—

সোভিয়েত কোনো দেশ নয়,

নতুন সকাল সে;

পূবাকাশে সূর্যের উদয়।

বসুন্ধরা—মা আমার, তোমারও;

পেতে চাই তাকে

লড়াইয়ের শেষে, সৃষ্টির আবহে—

শান্তির নিশান ঊর্ধ্বে তুলে।



আহ্বান 



হাসি কান্নার সুখ দুঃখ

দেরাজে তুলে রেখে

পায়ে হেঁটে চলে সে—

বোঝা শূন্য করে।


ধূসর বনানী---পাতা ঝরা

চোখের দৃষ্টি কুয়াশা 

নতুনেরে ডাকি আমি

সবুজ বনানী নতুন আশা।


চৈত্র নেয় বিদায়,

বৈশাখ আসবে বলে;

শীত শেষে তাপের আভাস—

চৈত্র ডাকে বৈশাখে।


Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই