দুটি কবিতা ।। জয়িতা চট্টোপাধ্যায়
আধুলি ও কড়িতে কেনা নেই
আমাকে আমার চেনা হয়নি
জানা হয় নি ঘায়ের আকার ঠিক কতটা
হলে সেলাই পড়ে
নিজেকে দামি ভেবে গেছি রোজ...
বার বার ভুলের পর,আজ
যা পড়ে আছে তা কেবল আত্মশ্লাঘা
এক জনমের সওদায়
যাকে বিক্রি করা যাবে না
তাই তো বুকে আগলে বসেছি
আমার বিস্ফোরণ
আর সেই ধ্বংসস্তূপে
নুন ছিটিয়ে যাচ্ছে গোটা শহর।
নিরালায় আছি
মানচিত্রে আমাদের স্থান এক ও অনন্য
অন্ধের দৃষ্টি খোঁজার মতো
আমরাও আমাদের মৃত ভালোবাসাকে উস্কে দিই
ব্রক্ষ্মাণ্ডে,তখন চাঁদটাও নগন্য লাগে
যেন একটুকরো কালো পাথর
আবার সময়ে সময়ে
বেড়ালের ল্যাজ নাড়াটাও হয়ে ওঠে পৃথিবীর অন্যতম মনোরম দৃশ্য
ওর ল্যাজে লেগে থাকা পিঁপড়েটা তখন আমি,
ক্ষুদ্র ও তুচ্ছ
যেন প্রকৃতির বুকের এক টুকরো বিরহ।
.......................
জয়িতা চট্টোপাধ্যায়
শ্যামনগর উত্তর চব্বিশ পরগনা ভারত
Comments
Post a Comment