দুটি কবিতা ।। বিবেকানন্দ নস্কর
মৃত্যু উপাসক
শেষ রাত শুয়ে আছে মেঝের ওপর
বুকে পিঠে চেপে বসে সময়ের স্তর ।
এ যেন বাসর বধূর মৃত্যু সোহাগ
তার হাতে বেজে ওঠে বিষাদ বেহাগ ।
মরা রাত ঝরা রাত স্মৃতি রাত সাজে
ক্রন্দন ধ্বনি বাজে ভাঙনের লাজে ।
চলে যাওয়া অভিমান ঠোঁটে লেগে আছে
নতজানু এই রাত সময়ের কাছে।
শেষ রাত শেষ হবে মৃত সকাল এলে
মরনের মিছিল হাঁটে অশ্রুত জলে ।
মরন পৃথিবী আঁকে মরনের ছক
প্রতিটি মানুষ তাই মৃত্যু উপাসক ।
তৃতীয় প্রেমিক তিনি
লক্ষ্যভেদে নারী জয়
মহামতি মুখ
ভালোবাসার নীতি বাক্য
ছড়ালো অসুখ ।
নিজের প্রেয়সী বাঁধা
অন্যের স্রোতে
প্রেমিক কেঁদেছে একা
জারজ রাতে ।
তৃতীয় প্রেমিক তিনি
প্রথম তো নন
পরাজিত স্বপ্নের
আত্মহনন ।
Comments
Post a Comment