Skip to main content

দুটি কবিতা ।। রথীন পার্থ মণ্ডল

দুটি কবিতা

রথীন পার্থ মণ্ডল


১. খোলা আকাশ


ঘরে ঢুকতেই ঘর আমায় প্রশ্ন করে--
'কিসের আশায় ঘরে ফিরলে?'
কোনো উত্তর দিতে পারি না

'ঘরের মানে কি?'
কোনো উত্তর নেই আমার কাছে

এমন একটা দিনও কাটে না
যখন ঘর আমায় প্রশ্ন করে না
'কার জন্য ফিরলে?'
বোবা হয়ে যাই

সত্যি বলছি,
প্রশ্নের জ্বালায়, জীবনযন্ত্রণায়
প্রতিদিন এতটাই জর্জরিত হই যে,
নিজের সাথে, নিজেকে নিয়ে
এখন খোলা আকাশের নীচে হাঁটি
জীবনের বুকে ফেরৎ আসার অপেক্ষায়।।


২. হারিয়ে যাওয়া আমি


মাছ যেভাবে ডিম পাড়ে 
তেমনই মাঝে মাঝে নিজেকে ছাড়তে হয়
নিজেকে ছেড়েও যেতে হয় মাঝে মাঝে 
ছাড়তে হয় আমার আমিটাকেও
যার বেশিরভাগটাই হারিয়ে গেছে
সময়ের স্রোতে, কালের পথে

এখন এখানে-ওখানে 
যে কয়েকটি আমি ছড়িয়ে আছে
তাতেও আর নিজেকে খুঁজে পাই না 
খুঁজে পাই না জলভরা মেঘকেও

জলভরা মেঘের কোলে মাথা রেখে 
আজও মুছে ফেলি সমস্ত কান্নার জল 
এমনকি সমস্ত যন্ত্রণাও

সমস্ত যন্ত্রণার মাঝে 
সব উপহাসের মাঝেও
অনন্ত আশায় বুক বেঁধে আজও 
খুঁজে বেড়াই আমার সেই
হারিয়ে যাওয়া আমিটাকে
যে কোনোদিন কারোর হতে
চাইলেও হতে পারেনি।

---------------------------

রথীন পার্থ মণ্ডল
শশীভূষণ বোস রোড
রাধানগর পাড়া
পূর্ব বর্ধমান
৭১৩১০১

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই