নববর্ষের প্রার্থনা
দীনেশ সরকার
মনের গভীরে যত ধুলো-বালি দূর হয়ে যাক আজ
তরুণ অরুণ নব আশা নিয়ে উঠুক নতুন ভোরে,
নব পল্লবে যেমন বনানী পরেছে সবুজ সাজ
মনের শান্তি অবিরামভাবে তেমনি পড়ুক ঝরে।
মনের অতলে কালিমা-কলুষ দগ্দগে ক্ষত যত
দ্বিধা-দ্বন্দ্বের বেড়াজাল আর লালসা সর্বনাশা,
নতুন বছর মুছে দিক সব ঝরণা ধারার মতো
হৃদয়ে ভরুক অমৃত-সুধা অফুরান ভালোবাসা।
দূরে গেছে যারা আসে যেন তারা আবার হৃদয়ে ফিরে
অবিশ্বাসের মায়াজাল ভেঙে নববর্ষের প্রাতে,
প্রেম প্রীতি যেন সর্বদা থাকে সবার হৃদয় ঘিরে
হাতে হাত রেখে কদম কদম চলে যেন দিনে-রাতে।
যুদ্ধের আজ লেলিহান শিখা জ্বলছে ধরার বুকে
যুদ্ধবাজরা পিছু হঠে যাক, দেখুক বিশ্বলোক,
বিশ্বাস আর প্রীতির বাঁধনে থাকুক সবাই সুখে
শান্তির বাণী এ ধরার বুকে আবার ধ্বনিত হোক।
----------------------


Comments
Post a Comment