জীবনের গন্ধ
চন্দন দাশগুপ্ত
শব্দের শরীরে পাই জীবনের গন্ধ,
খোলা জানালার বাইরে ঘুমোয় তারা ভরা রাত,
আসল আর নকলের পার্থক্য ঘুচে যায়,
দরবাড়ি কানাড়ায় ক্লান্ত সেতার বেজে যায়,
তবু.......তবু শেষ হয় না কখনো,
কিছু কিছু নেতাদের ক্ষমতার লোভ,
আহা, ভুলে গিয়েছিলাম, ওরা তো বেতন পায়না,
পায়না বোনাস, পিএফ, টুকরো-টাকরা গ্র্যাচুইটি,
তাই ওদের টুকটাক চুরিকে চলুন ক্ষমাঘেন্না করে দিই,
ওরা চিৎকার করে যাক মিটিং-এ, মিছিলে,
আমরা বরং উপভোগ করি,
মোহনবাগান-ইস্টবেঙ্গল-আইপিএল,
ফাঁকা পকেটে প্রেমিকার সাথে বাদাম চিবোই,
মাঝেমধ্যে তার সাথে হোক চপ-ঘুগনি-বিড়ি,
দেওয়ালে লিখি-আঁকি নেতাদের নাম-ছবি,
ওরা ভোটে জিতলেই তো আমাদের লক্ষ্মীলাভ,
আমাদের সংসার-সংস্কৃতি কিছু নেই,
আমরা শুধু, বছরের পর বছর, নিদ্রাহীন রাতে,
শব্দের শরীরে জীবনের গন্ধে ডুবে যাই...........
------------------------
চন্দন দাশগুপ্ত
সি/৩০/১, রামকৃষ্ণ উপনিবেশ, রিজেন্ট এস্টেট,
কলকাতা---৭০০ ০৯২

দারুণ 👌
ReplyDelete