অর্ধেক আকাশ
পিঙ্কি ঘোষ
আমরা নারীরা নাকি অর্ধেক আকাশ?
স্বপ্নের ঘোরে কথাটা কে যেন বলে গেল !
কারা যেন সারাদিন ধরে—
৮ই মার্চের মাহাত্ম শোনালো গলায় উত্তরীয় পড়ে!
কালো কাঁচের সাদা গাড়ি থেকে নেমে—
রাজপথের জনজোয়ারের মিছিলে সামিল হলো,
নারীর জয়গানে মুখরিত হলো একটা সকাল।
নার্সিংহোমের জানালা দিয়ে সেই মিছিল দেখলো—
গতরাতে কন্যা সন্তানের ভ্রূণ হত্যার শয্যাশায়ী মা,
নির্যাতিতা মা নারী দিবসের তাৎপর্য সন্ধানে আরো
কয়েকশো বছর হাঁটবে,
পিঠের গামছায় শিশু বেঁধে শ্রমিক মা মিছিলকে
পিছনে রেখে উর্ধ্বশ্বাসে দৌঁড়ায়,
নেমে এল সূর্যাস্তের ক্ষণ
আমরা সবাই হাঁটছি...
'''''''''''''''''''''''''''''''''''''''''''
পিঙ্কি ঘোষ,
তেঘরিয়া, কলকাতা ;-59,
পশ্চিমবঙ্গ।
...................................................

Comments
Post a Comment