
একালের অর্জুন
জয়শ্রী সরকার
নারীকে কখনো শ্রদ্ধা করেছ? দলিত করেছ দিন দিন
নারীরাও জানে প্রতিবাদী হতে ভুলে যাও তুমি অনুদিন।
সখের বাগানে ফুল চাষ করো, হুলগুলো রেখো সামলে
হায়নার মতো নখর হয়ে তো ঝাঁপিও না আর হামলে!
পিপাসার জল নিংড়াতে সব করে যাও শুধু কর্ষণ
কী বলে এটাকে, জানো কি? পরিভাষাতে ধর্ষণ।
অশ্রুনদীতে ছলছল নারী, হাঙরের রূপে তুমি
ভেবেছ কখনো? এ-নারী যোনি তোমারই জন্মভূমি!
রবিঠাকুরের 'সবলা' পড়োনি? আমিত্বটাকেই জেনেছ
অহংকারের নামাবলী গায়ে নামেরই প্রসাদ মেনেছ।
একদিন জেনো, সব অমানিশা কাটবেই ঘোর প্রতিবাদে,
নরাধম যত পিশাচ-শকুন পড়বেই ওই আঁধার খাদে।
বন্দুকই শুধু করেছ সঙ্গী কামনার রসে মেতেছ,
সৈনিক তুমি হওনি কখনো, সেনাপতিটাই সেজেছ!
ফুটো কলসীর শব্দ শুনেছ, ভরা কলসী কি দেখেছ?
ফলভারে গাছ নত হয় জানি, সেই সাধনা কি শিখেছ?
নিজেই নিজেকে তুচ্ছ করেছ উচ্চ আসনে বসিয়ে
কেউকেটাদের লেজুড় হয়েছ, পুচ্ছটি শুধু খসিয়ে !
মুখের আড়ালে মুখোশের হাসি, অট্টহাসিতে খিল খিল
কতই হাসবে? বন্ধ হবে তো আস্ফালনের যত ঢিল।
এসো তবে আজ হুঙ্কার তুলি প্রতিবাদের এই মঞ্চে
ফুল-মালা নয়, শানিত অস্ত্রে নারী-জাগরণ ধন-চে!
*******************************************
জয়শ্রী সরকার,
দিনান্তিকা, প্রেমবাজার, খড়গপুর,
পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ - ৭২১৩০৬
মোবাইল+হোয়াটসঅ্যাপ - ৯৯৩২৩৯৫৮২৯
Comments
Post a Comment