স্বাতী রায় চৌধুরী
"আমার ও একটা মানুষ হবে নিজের"
১২ নং রেললাইন বস্তির সরু গলির অন্ধকারে প্রেমিকের বুকে মুখ গুঁজে মেয়েটি খুব অস্ফুটে এই কটি কথাই বলেছিল। সেদিন ওর পরনে ছিল বাসন্তী রঙের শাড়ী, হাতে সবুজ চুড়ির গোছা, কপালে কাঁচপোকা টিপ আর দুচোখে স্বপ্নের মায়া কাজল । তারপর পরম ভরসায় প্রেমিকের হাত ধরে সে পাড়ি দিয়েছিল অজানার উদ্দেশ্যে।
সেদিনের সেই সন্ধের পর থেকে মেয়েটি নিরুদ্দেশ। দর্জি দোকানের কর্মচারী; তার বাবা ও ভাই অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান করতে পারেনি। পাড়ার লোকেরা সাথে করে পুলিশ থানায় নিয়ে গিয়েছিল , ডায়েরি একটা হয়েছে,ওই পর্যন্তই ; সুরাহা কিছুই হয়নি। প্রায় দুই মাস হয়ে গেল মেয়েটি নিরুদ্দেশ।
সবাই যখন প্রায় হাল ছেড়ে দিয়েছে তখনই সে ফিরে এল। তবে পায়ে হেঁটে নয়; পুলিশের ভ্যানে চেপে। পরনে সেই বাসন্তী রঙের শাড়ী, কাঁচের চুড়ি সব একই আছে। শুধু হারিয়ে গেছে সেই স্বপ্নটা; "আমার ও একটা মানুষ হবে নিজের"
সমাপ্ত

Comments
Post a Comment