গৌতম সমাজদার
বেদীমূলে পড়ে থাকা উপাচার
ছড়িয়ে ছিটিয়ে থাকা মঙ্গল ঘট,
সমাজেও নারীত্বের অবমাননা---
মঞ্চ বেঁধে নারীমুক্তির স্লোগান,
নারী উন্নয়নের ফাঁকা আওয়াজ।
কর্মরত অবস্থায় ধর্ষণ, লাশ হওয়া,
রাষ্ট্রশক্তির অঙ্গুলীহেলনে বিচার না পাওয়া,
এত আইন, এত বিল, তবুও নারীত্বের অসম্মান।
কখনো বিজয় আস্ফালনে কিশোরীর মৃত্যু---
আইন কলেজে চলে গণধর্ষণের ঘটনা,
অসুস্থ বললেও জোটে না চিকিৎসার সূযোগ---
নেতাদের আপ্তবাক্য, আইন আইনের পথে
নারী সেই পড়ে থাকে অন্ধকারে।
দরকার দ্রোহ এই দহনের,
কলরবে ভরে যাক গলি থেকে রাজপথ---
লক্ষ কোটি মানুষের পদশব্দে কেঁপে উঠুক
গ্রাম থেকে শহরের সব পথ।
থেমে যাওয়া নয়, থামিয়ে দেওয়া
গুঁড়িয়ে দেওয়া পৌরুষত্বের অহঙ্কার---
তবেই মিলবে সত্যিকারের নারীমুক্তি।
Goutam Samajder, 22/86 Raja Manindra Road, kolkata-37

Comments
Post a Comment