তুষার ভট্টাচার্য
হেমন্তের মাঠে শিশিরের জলে ভিজে অনাদরে পড়ে আছে
যে কিশোরীর রক্তমাখা শরীর
'তাকে তুমি চেনো' বলে শুধালো
চাঁদের বুড়ি
নক্ষত্রের দু'চোখ দিয়ে, ঝরে পড়ল
বিন্দু বিন্দু অশ্রু জল ;
চীৎকার করে আমি বলি - চিনি চিনি
ওই মৃত কিশোরীকে
সে ছিল আমার ভোরের কৈশোরের প্রেমিকা
তার মেহেন্দি মাখা দু'হাতে এঁকে দিয়েছি
কত চুম্বন
রুপোলি ধান জোছনায় কতদিন তার সাথে গিয়েছি হেঁটে নদীর পাড়ে ভালবাসার অফুরান স্বপ্ন বুনে
শীত কুয়াশার বনে হারিয়ে গিয়েছি
কানামাছি চোর চোর খেলে ;
কে তাকে নিশি ডাক দিয়ে নিয়ে গেল জোর করে শ্বাপদ রাত্তির অন্ধকারে
হিম শীতল মৃত্যুর খাদের কিনারে !
হেমন্তের আদুল মাঠে
আমি একা একা সারারাত দাঁড়িয়ে থাকি ;
' মানুষের মৃত্যু আছে,
ভালবাসার কোনও মৃত্যু নেই '
কিশোরীর রক্তমাখা মুখে দেখি লেগে আছে জোছনা চাঁদের আলোর সুষমা;
আমি তার বুকে রেখে দিই
ভালবাসার পুষ্পস্তবক ।
=============
তুষার ভট্টাচার্য
বহরমপুর l মুর্শিদাবাদ
দূরভাষ :৯৪৭৫৭৭৪৯৯৬

Comments
Post a Comment