অশোক দাশ
আমরা নারী সব পারি
পারিনি এমন কাজ
নেই আমাদের অভিধানে।
সর্বংসহা ধরিত্রী আমরা
দশ মাস দশ দিন
ক্লেশ- যন্ত্রনা সহে
হয়েছি জননী,
সাগর ভরা বক্ষ সুধায়
আদরে সোহাগে ভালোবাসার আঁচলে
ঢেকে হয়েছি মা-মরমী।
আমরা নারী সব পারি
আমরা রঙ্গবতী
প্রেয়সী প্রেমিকা শ্রেয়শ্রী,
মনের মাধুরী মিশায়ে
পরকে করেছি আপন
ঘরে ঘরে ফুটিয়েছি
যুই -মালতী - টগর
জ্বেলেছি আশার দীপ
সেজেছি সুনিপুণ গৃহিণী।
আমরা নারী সব পারি
পরাধীনতার শৃংখল মোচনে
স্বাধীনতা যুদ্ধে
আমরা বিপ্লবী অগ্নিকন্যা
আমরা লক্ষ্মীবাঈ প্রীতিলতা মাতঙ্গিনী
সরোজিনী কল্পনা বিনা লীলা সুহাসিনী ইলা দুড়কি বালা দেবী
আমরা আমরণ মৃত্যুঞ্জয়ী।
আমরা নারী সব পারি
আমরা অযুত সেনানি
আমরা আকাশে- মহাকাশে, সাগর-মহাসাগরে
নতুনের সন্ধানে নির্ভীক অসীম সাহসী।
আমরা নারী সব পারি
সবুজ শস্য খেতে
কলকারখানার ঘর্মাক্ত কলরবে
কয়লা খাদানে
আমাদের রক্ত ঘামের স্বাক্ষর,
সভ্যতার সমৃদ্ধিতে
জ্ঞানে- বিজ্ঞানে- চিকিৎসায় -গবেষণায়
আমরা প্রদীপ্ত ভাস্বর।
আমরা নারী সব পারি
যুগে -যুগে কালে-কালে
আমরা হয়েছি লাঞ্ছিতা বঞ্চিতা ধর্ষিতা
কমান্ধ নরপশুর লালসার শিকার,
কখনও সীতা দ্রৌপদী
কখনও অন্য কোনো নামে -নামে
হাথরস থেকে কামদুনি,
পার্ক স্ট্রিট থেকে আর,জি,কর
পাহাড় থেকে সমতল
আমাদের কান্না আর্তচিৎকার
প্রতিধ্বনি হাহাকার।
আমরা নারী সব পারি
আমাদের প্রতিবাদে গর্জনে
জেগেছে কোটি জনতা
অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার আমরা
আমাদের আপোষ হীন সংগ্রাম
অশুভের বিরুদ্ধে শুভ অভিযান,
আমরা হাতে তুলে নিয়েছি ত্রিশূল
অসুর নিধনযজ্ঞে আমরা রণরঙ্গিনী দুর্গা।
অশোক দাশ
ভোজান, রসপুর ,হাওড়া, পশ্চিমবঙ্গ ,ভারত।
মোবাইল নম্বর:-৮৩৪৮৭২৫৩৩৩

Comments
Post a Comment