
অপরাজেয় তুমি
অভিজিৎ হালদার
তুমি ভোরের স্নিগ্ধ আলো, শরতের শুভ্র মেঘ,
তুমিই অটল পাহাড়, মনে উত্তাল সংবেগ।
অর্ধেক আকাশ জুড়ে তোমার দীপ্ত পদভার,
মমতার আঁচলে ঢাকো পৃথিবীর সব হাহাকার।
কখনো তুমি জননী রূপে স্নেহের শীতল ধারা,
কখনো জায়া হয়ে দাও দিশেহারা মনে সাড়া।
বোনের হাসিতে ফুটে ওঠে এক চিলতে রোদ,
কন্যার চোখে দেখি আগামীর নতুন প্রবোধ।
সংসারের মায়ার বাঁধনে তুমিই মূল প্রাণ,
আবার প্রলয় এলে রণচণ্ডী, মহীয়ান।
অফিস কিংবা রান্নার ঘর—সবই তোমার জয়,
বাধা ডিঙিয়ে চলছো তুমি, জয় করে সব ভয়।
তুমি সীমানা ছাড়িয়ে যাও স্বপ্নের ডানা মেলে,
ইতিহাস লিখে যাও সাহসের প্রদীপ জ্বেলে।
রক্তে মাংসে গড়া মানবী নও তো কেবল,
বিশ্ব চরাচরে তুমিই অদম্য শক্তির উৎসস্থল।
ক্লান্তিতে ভেঙে পড়ো না, থেমো না কো কভু,
তোমার মাঝেই অমর শক্তি দিয়েছেন বিভু।
শ্রদ্ধা জানাই তোমায়, ওগো চিরন্তনী নারী,
তোমার আলোয় কাটুক আঁধার, ঘুচুক যত ভারি।
===========
অভিজিৎ হালদার
মোবারকপুর , নদীয়া জেলা
Comments
Post a Comment