কুসুম আলো ও ক্ষুধা
✍️ সিদ্ধার্থ লাহা
সারা শরীর মন,
শীতসকাল-রোদ
চেটেপুটে খায় —
সরপুরিয়া মিঠাই।
ঝরে ঝরে পড়ে রোদ আঙিনায়,
আর শিউলি ফুল—
শুভ্র আত্মনিবেদনে কমলা সুখ।
আর সব সাদা ফুল শীতঘুমে,
আঙিনা ঘিরে চারধার
রংবাহারি কুসুম-আলো।
পাশের বাড়ির রাখহরির
ছেলের ক্ষুধার চাহিদা—
কান্না হয়ে কানে আসে ফিরেফিরে
বারে বারে।
এবারের অনাবৃষ্টিতে
শুকনো মাঠ খাঁ খাঁ—
অনন্ত ক্ষুধা।
গরিব রাখহরির অতল দৈন্যদশা।
গরম ধোঁয়া ওড়া সিতাশাল অন্ন —
এক থালা শুভ্র অন্তঃকরণ
নিয়ে ওদের বাড়ি চলে মোর ঘরণী,
এক বিশ্বজনীন নারী,
স্নেহময়ী মাতৃজাতি।
রংবাহারি কুসুম আলো
আর বিশ্বজনীন নারীর
স্নেহময়ী গমন
দোল খায় হৃদয়ে-মনে।
=============
Siddhartha sankar laha
H.F.C. TOWNSHIP
BIDHANNAGAR
DURGAPUR

Comments
Post a Comment