জেরক্স মেয়ে
রবীন বসু
এ-মেয়ের প্রেমের গল্পে জাগে শুধু ব্যর্থতার ঢেউ
কেরানি বাপের আয় যৎসামান্য, মা তার গৃহবধূ
তবু কি করে যে সামলান হাঁড়ি, জানে না কেউ
দিন আনতে দিন শেষ, শুধু রাতজাগা স্বপ্ন ধূ ধধূ !
অনন্ত নিরালা নিয়ে মা দেখি মেয়েকে চেয়ে দ্যাখে
দ্যাখার তো কিছু নেই, রোগাকালা হাডগিলে এক
চামড়ায় ঢাকা, শুধু অপুষ্টি শরীর নিয়ে টেনে রাখে
আসন্ন যৌবন আধফোটা আগুনশিখা লকলক !
কলেজ হল না শেষ, বাপ ছুটি নিলেন, সেই থেকে
মেয়ে হল জেরক্সমেয়ে, ছোট্ট খুপরি ঘর ধর্মতলা
অল্প আলো মাঝে সারাদিন মেয়ের কাটে কাজে
বাইরে তখন বসন্ত আসে, ময়দানে খেলছে প্রেম !
তবু তাকে গোলাপ এসে শুভেচ্ছা জানায়নি কাছে
কেউ তাকে বলেনি, 'আমি তোমাকে ভালবাসি'।
তাই মেয়ে গোঁসায় বুক আর মনে দিয়েছে কপাট
কানে শুধু বেজে যায়, 'তু মেরা তু মেরা কনসার্ট !
মেয়ে গোলাপ নিবি? তোরও আছে হক, অধিকার
'কুঞ্জে অলি গুঞ্জে দেখি ফুটেছে মঞ্জরী' তবু মেয়ে
কান্না চাপে, মোহনবাঁশির হদিশ না পেয়ে আক্রোশে
অভিশাপ ছুঁড়ে দেয় আকাশে---ব্যর্থ ভ্যালেনটাইন্স।
..............
রবীন বসু
189/9, Kasba Road,Kolkata-700042

Comments
Post a Comment