কবিতা ।। সুশান্ত সেন
১ দেখি
ধুনি জ্বলছে
সকাল থেকে বৃষ্টি পড়ছে
চারপাশে জল কাদা
বাতাসে জলকণা।
ময়না বউ গায়ে গন্ধ নিয়ে পুকুর পাড়ে
শিখা কাপছে
কাপছে পচা গন্ধ
স্মৃতির গোড়ায় ধুনো দিচ্ছে আকাশ
বকুল ফুল গাছ থেকে ঝরে পড়ল।
সকালটা একটু মিষ্টি হলো
এতক্ষণ ছিল নোনা ধরা
ফেটে যাওয়া দেওয়াল।
২ মৃত্যু
মৃত্যুর কাছে খোলা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে থাকি
ঝোপ বুঝে কোপ মেরে যাই।
অ্যালোপ্যাথি , হোমিওপ্যাথি , ইউনারি, কবিরাজি , আরো কত কি
ঝাড় ফুক, ফুল চন্দন, ধারণ , মনে মনে মানত
কোনো কিছুই বাদ দিই না ।
ওদিকেও তলোয়ার বিশারদ তার খেল দেখাতে থাকে ।
দুজনই একবার এগোই একবার পেছাই
ঘুরে ঘুরে যে যার কেরামতি
দেখাতে থাকি ।
তবে অন্তিমে এই তরোয়াল বাজি তে
কোনোদিনও জিততে পারি না ।
হার হয় চিরকালই।
৩ জীবন
কতটা সমুদ্রের জলে খেললে একটা জাহাজ ঠিক নিশানায় চলতে পারে !
সামুদ্রিক বকগুলি সেই জাহাজের প্রপেলরের পেছনে পেছনে ঘুরে যায়, ঘুরে ঘুরে কিনারা দেখায়।
বাদামের খোসা ছাড়িয়ে খেতে অনেক সময় নষ্ট কিন্তু অনেক তৃপ্তি ও নীরবে পাওয়া যায় তোমার অপার ভালবাসা।
ভোরের বাসস্টপে কুয়াশা ছাড়া আর কি কি মাখা থাকে যা ধুয়ে ফেলতে ফেলতে বিকেলে তোমার ঘরে ফেরার সময় এসে যাবে !
কেউ এসে পৌঁছায় নি তাই সভা শুরু হয় না আর মাইক পরীক্ষা চলতেই থাকে উৎকণ্ঠাময় পৌনঃপুনিকতায় - হ্যালো ওআন টু থ্রি।
জীবনের এই সব ঘটনার অর্থ খুঁজে খুঁজে সময় চলে যায়।
--------------------------
সুশান্ত সেন
৩২বি শরৎ বোস রোড কলিকাতা ৭০০০২০

Comments
Post a Comment