প্রশান্ত ষন্নিগ্রহীর তিনটি কবিতা
১.
বসন্ত বিলাপ
তোমার পলাশ লালে লাল রাঙা
তোমার পলাশে ফাগুন,
আমার পলাশে শয়তান পোকা
আমার পলাশে আগুন।
তোমার আকাশ আবির মাখানো
গাঁথে মিলনের মালা,
আমার আকাশ মলিন মুখেতে
সহে দংশন জ্বালা।
ওখানে ঋতুরা আসে আর যায়
আনে রকমারি ডালি,
এখানে বিষাদে ঋতুর সময়
সব কেড়ে করে খালি।
তোমার পলাশে খুশির জোয়ারে
রাশি রাশি ভালোবাসা,
রক্ত মাখানো আমার পলাশে
জীবন সর্বনাশা।
২.
উনুন
একটা একটা করে কাঠ
গনগনে আগুনে দাউদাউ করে জ্বলে ওঠে জীবন্ত উনুনের ভেতর।
আগুনে পোড়ে কাঠ ,
কাঠ পুড়িয়ে চাই করে উনুন।
উনুনে পোড়ে কাঠ,উনুন পোড়ায় নিজেকে।
শুদ্ধ করে গনগনে আগুনের বিশুদ্ধতায়।
জীবনের ঘাত প্রতিঘাত সয়ে;
শুদ্ধ হয় মানব জীবন।
৩.
নগ্নতা
সকালে হাঁটতে বেরিয়েই চোখে পড়লো
অদ্ভুত এক নগ্নতা
সাগর নদী পাহাড় নগ্ন
মাঠ ঘাট জঙ্গল নগ্ন
এক বিচিত্র নগ্নতায় ঢাকা প্রকৃতি
যেন লালসার ভোগ্য বস্তু।
চারপাশ থেকে শত সহস্র লকলকে জিভ
লোলুপ দৃষ্টিতে দংশন করে লুটে নেয় সব
সাতসকালে নগ্নতা লুটের হাট!
ওরই মাঝে একটি শিশুকে দেখতে পেলাম
হামাগুড়ি দিয়ে এসেছে এক গাছের তলায়
নগ্ন গাছের ঝরে পড়া পাতা ঘাস দিয়ে
লজ্জায় রাঙা হয়ে ঢাকছে নিজের নগ্নদেশ।

Comments
Post a Comment