দুটি কবিতা ।। সিদ্ধার্থ লাহা
১) খিদে- খাওয়া
শূন্য এ বুকে মনোদুখে,
আকাশের দিকে রাত্তিরে তাকাতে
মন দেয় না আর সাড়া।
নীল নীল আকাশ যেন
হৃদয়ে বসে চেপে,
তারাদের দল ঠোঁট নেড়ে বলে -
এ দিকে কেন? এ দিকে কেন?
ওদের দিকে তাকাও-
আকাশের মত মস্ত থালায়
তারাদের মত একথালা ভাত
চারপাশে সারি দিয়ে নব নক্ষত্র
ব্যঞ্জন দাও, দাও হে সাজিয়ে!
অনেক অনেক খিদে!
খিদে-খাওয়া সকলে বলিবে একসাথ -
মানুষ অমর রহে ।
কহিলাম -
বলিবে তারা- তারা বাদ,
যাদের জন্য মোদের খিদে পেটে
খিদে- খেয়ে বেঁচে থাকা
তারা বাদ,
তারা-বাদ জিন্দাবাদ,
অমর রহে নীল আকাশ।
২) চা-চামচ
চা-চামচে দিলাম শত পেয়ালায় ,
দেখতে চেয়েছিলাম তাদের উৎসাহ,
আনন্দ ,অভিলাষ, অভিব্যক্তি!
প্রতিটি পেয়ালায় ঢেউ ওঠে মৃদু ;
সে ঢেউ যদি সব আমার দিকে
এগিয়ে আসত, আসত-
নীলিমার জলে ডুবসাঁতার দিতাম।
মরে যেতাম বেঁচে!
কিছু পেয়ালার মৃদু উত্তাল
আমার ঠোট ছুঁয়ে ছিল,
কিছু অন্তরে বিষ ঢেলে দিল।
স্বাদ কদাচিৎ পেলাম-
অপেয় ই রয়ে গেল
এ জীবন ভোর।
সব পেয়ালায় শব্দ উঠল, ঢেউ উঠল-
শুধু দেখে গেলাম, দেখে গেলাম!
একটা পেয়ালা ও এগিয়ে এল কি?

Comments
Post a Comment