আমরা কি স্বাধীন!
শংকর হালদার
তিনটি রঙে স্বাধীন নিশান
ভারতমায়ের বুকে,
মোদের গরব আজও তুমি
জয়ধ্বনি মুখে।
সবাই বলে আমরা স্বাধীন
আমি বলি তা মিথ্যে,
ভোরে'র আলোয় স্বপ্ন খোঁজে
স্বাধীনতা তার চিত্তে।
স্বাধীন বলে করছো বড়াই
চোখেতে দুই ধারা,
পেটের দায়ে বিদেশ কামড়
ভারতভূমি ছাড়া।
ন্যাংটো সেনা আমরা সবাই
পরের হাতে বসন,
কৃষ্ণলীলায় কৃষ্ণ গাছে
করছে বসে শাসন।
আজকে স্বাধীন, স্বাধীন দেশ
বলতে গিয়ে ভাবি,
পথের শিশু অন্নহারা
কোথায় সুখের চাবি?
ফুলের মতো ঝরছে তারা
হিসেব-নিকেশ নেই তো!
তারাও স্বাধীন, স্বাধীন দেশে
তারাও তা কি বুঝতো?
তুমিও স্বাধীন? স্বাধীন দেশে...
মত প্রকাশে বাধা,
শোকের ছায়া আসবে নেমে
যদি সাজো রাধা।
_________

Comments
Post a Comment