Skip to main content

কবিতা ।। পথটা মসৃণ নয় ।। সুমিত মোদক


পথটা মসৃণ নয় 

সুমিত মোদক


সাবধানে পা রেখো, পথটা মসৃণ নয়;

বার বার পিছন ফিরে তাকাতে হবে না,
উত্তর পুরুষ অনুসরণ করে চলেছে;
ভোর হতে এখনও অনেক সময়,
চারি দিকে গভীর কালো মেঘ;
বৃষ্টি নামবে টিলার মাথা ছুয়ে;
ঠিক তখনই প্রেমিকার নূপুরের ধ্বনি শুনতে পাবে;
পারলে তার জন্য রেখে দিও এক আঁচলা জল;
মানুষ এখন তৃষ্ণার্ত, মানুষ এখন অসহায়;
মানুষ এখন কি চায় নিজেও জানে না;
সে কারণে এতো অস্থিরতা;

চাতক পাখি তার সঙ্গীটিকে নিয়ে বসে আছে 
পাতা ঝরা শুকনো এক গাছে;
তার কিছুটা দূরে ঘুমিয়ে আছে ডুলুং নদী;
বুকে তার অজস্র অভিমান, যন্ত্রণা;
এসব পাশ কাটিয়ে চলে যাচ্ছে ধুলোর ঘ্রাণ;

শাল মহুয়ার জঙ্গলের ফাঁক গলে 
যে জ্যোৎস্না নেচে বেড়াতো মনের আনন্দে 
আদিবাসী রমনীদের মতো
সেও এখন মাটিতে পা রাখতে ভয় পায়;
নুড়ির পাশে আরেক নুড়ি জড়োসড়ো হয়ে থাকে;

সাবধানে পা রেখো, পথটা মসৃণ নয় ।

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই