Skip to main content

ঢেউকথা ।। ইয়াসমিন বানু

নবপ্রভাত

কবিতা

ঢেউকথা

ইয়াসমিন বানু


সমুদ্র তীরে বালি চিরে
লিখলাম 'ভালোবাসি'।
ঢেউ এসে দিল মুছে
বলল, এখন আসি।

আমি বললাম কেন?
সে বলল,বেলা গেছে
আমি বললাম,
মন তো আছে।

এরপর যতবারই
বালি চিরি,
সে আমায়
দেয় আড়ি।

একদিন রাতে,
ফিসফিসিয়ে শুনি
তার অভিমান।
.................
সৃষ্টির শুরুতে,
প্রথম যখন
আছড়ে পড়ি তীরে
হিল্লোলে, হুল্লোড়ে ।
ভিজিয়েছি, ডুবিয়েছি
তোমাদের।
কখনো টেনেছি কাছে
কখনো দিয়েছি ফিরিয়ে

কৈশোরের আবেগ
যৌবনের উন্মাদনা
প্রৌঢ়ত্বের আলিঙ্গন
স্বাদ নিয়েছি
প্রতিটা ক্ষণ।

একদিন বার্ধক্য জড়ালো
বুঝলাম, অন্তহীন
এ পথ টানা
কোথায় স্থিতি লাভ
তাও অজানা।

তোমাদের
স্থিতি আছে।
স্থিতিক্ষণ, অনিশ্চিত।
হয়তো দূরে ,
নয় বা কাছে।

সময়ের অল্প পরিসরে
তোমরা বিকেলেও
ভোরের ফুল হতে
ভালোবাসো ।
কাছে আসো।

তোমরা সময় দিয়ে
সীমায়িত।
আমরা কেবলই
প্রবাহিত।

কোনো বিশেষ শব্দবন্ধে
আমাদের অনাসক্তি।।

তাকে থামতে দিয়ে,
শুরু করলাম আমি।
.............
আমাদেরও চলা
অন্তহীন..
এইতো সেদিন,
হারিয়েছি আমার
'প্রিয়' কে
ওর আত্মার
হয়নি বিনাশ।
হৃদয় দিয়ে
প্রতিনিয়ত
নিংড়িয়ে নিই
তার নির্যাস।

আত্মার সাথে আত্মার
এ সম্পর্ক অনন্ত।
এর নাম 'ভালোবাসা'।
বাঁচার আশা।।

পরদিন ভোর হলো ।
পড়ন্ত বেলায়,
আবার তীরে আসি।
বালি চেরা আঁচড়
জ্বলজ্বল করছে
'ভালোবাসি'।।


==============

ইয়াসমিন বানু
বেকবাগান
কোলকাতা

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই