Skip to main content

চারটি কবিতা ।। বিবেকানন্দ নস্কর

নবপ্রভাত

চারটি কবিতা ।। বিবেকানন্দ নস্কর


শুধুই ফাঁকি 


ত্যাগ করেছি পাওয়ার আশায়
ভাগ হয়েছি সুখের নেশায়
স্বপ্ন জুড়ে মেঘ রোদ্দুর আঁকি 
সবখানে যে মিথ্যে ফাঁকি  ।

ধূ ধূ জীবন মরুর তৃষা
বাতাসে নেই প্রাণের ভাষা
যাপন খেলা হাড়ের পাশা
হারবে জেনে ও জেতার নেশা ।

স্লথ গতিতে মিছিল হাঁটে 
ধস্ত সময় অস্ত পাটে
অনেক পাওয়া অনেক বাকি
সব কিছুতেই শূন্য ফাঁকি ।

চোখের কোণায় জল চিক চিক
মুঠোর মধ্যে আঁধার মানিক
পিছন ফিরে কাউকে ডাকি
কেউ নেইতো, শুধুই ফাঁকি  ।


অমৃতের স্বাদ 


ভারতবর্ষ হতে ভারতবর্ষে
আজন্ম পার্থিব স্বদেশ ভূমি 
অশ্রুত মায়ের আঁচল, মাতৃভূমি।

ঠিক কত ভাষা ,কত গান
সুর তাল লয় ছিঁড়ে ছিঁড়ে 
এক সূত্রে বাঁধা যাপনের মন্ত্র !

এক আকাশ বিশ্বাস 
এক পশলা বৃষ্টি 
দমকা বাতাসে শ্বাস।

ভারতবর্ষ হতে ভারতবর্ষে
প্রবাসে যাযাবর সুখের ফেরিওয়ালা 
ফিরে আসে বার বার, এখানেই 
খুঁজে ফেরে অমৃতের স্বাদ।


ঝড় বোশেখী


কাল বোশেখী  ঝড় বোশেখী
কালের নৃত্য শুরু 
ঝড় বাদলে ঝড় বাদলে
বুকের দুরু দুরু ।

মেঘের সারি মেঘের গাড়ি 
মেঘের দাপাদাপি 
মেঘ নিয়ে কি সেই সাবেকি 
ঝড়ো লাফালাফি ।

 সাঁঝ বিকেলে ঝড় কে খেলে
আকাশ ভাঙা বৃষ্টি 
যাপন ভাঙে কাঁপন লাগে 
ঝড়ের অনাসৃষ্টি ।

কাল বোশেখী  ঝড় বোশেখী
বোশেখ ঝড়ো তান
রুদ্র  রূপে র  উষ্ণ তপের
কালের  অভিমান।


স্মৃতি গান


নারকেল পাতা য় শিরশির 
একটু পরেই বৃষ্টি মাদল 
ভিজে যাবে যৌবন।

ভুলে যাবে বিরহ রাত্রি 
মুছে দেবে দ্রোহ কাল
বৃষ্টি স্নানে মুছে যাবে শোক !

পিছনে অশ্রুত মুখ 
নোনা জলে ভরানো জীবন
যাপনে মাকড়সার ফাঁদ।

মাকড়সার জালের ভিতরে 
পড়ে থাকে শরীরের খোলস
উদাস বাউল শুধু মনে রাখে স্মৃতি গান - - -

===========
বিবেকানন্দ নস্কর
সন্তোষপুর
ফলতা
দ:২৪পরগনা

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

মতামত/লেখা এখানে জমা দিন

Name

Email *

Message *

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই