Skip to main content

কবিতা ।। ফোটাও হে ফুল ।। চ ন্দ ন মিত্র



 

 

 

 

 

ফোটাও হে ফুল

চ ন্দ ন মিত্র



ভুল মাটি পায়ে ছিল তোর
নাকি তুই ভুল ছিলি নিজে
আজ এই প্রদোষের কালে
ভেবে ভেবে একা যাস ভিজে

তোর ছিল অনন্ত খোঁজ
জীবনটা বুঝে নিতে গিয়ে
ভেবেছিলি একদিন পাবি
ঠিকঠাক নিজেকে হারিয়ে

তুই শুধু হারালি নিজেকে
অন্যেরা খুঁজে নিল ঠিক
কোথায় লুকানো চোরা-সুরা
পালানোর যথাযথ দিক

পেয়ে তারা ছেড়ে গেল পথ
তুই একা পথে পথে ঘুরে
বুঝে নিলি জীবন এমন
গান গায় নিপাতনি সুরে

এ দ্বন্দ্ব ছেড়ে মাথা তোল -
ভুল মাটি নাকি তুই ভুল
এখনও পাতায় ক্লোরোফিল
ডাক দেয় ফোটাও হে ফুল... 
 
-----------------



 

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই