Skip to main content

রণবীর বন্দ্যোপাধ্যায়ের কবিতা



জীবনের পথে 



ভীষণ উত্তপ্ত কোনও গ্রীষ্ম দ্বিপ্রহরে , হয়তো
যদি থাকি সঙ্গে তোমার - তখন তৃষ্ণার্ত ,
কিংবা অভুক্ত সারাদিন , পরিশ্রান্ত আমি তখন -
সঙ্গী আশ্রয় নেইতো কিছু , কেবল একটু ছায়া
জ্যৈষ্ঠের ক্লান্ত দ্বিপ্রহরে !

কোনও শ্রাবণ সন্ধ্যায়, যদি থাকি একসাথে -
তখন বৃষ্টি অঝোরধারে , আকাশটা ভীষণ কালো -
ওই কালো আকাশের নীচে তোমার আমার ,
সঙ্গী আশ্রয় নেইতো কিছু , কেবল একটা ছাতা
অঝোরধারায় শ্রাবণ সন্ধ্যায় !!

নয়তো, শরতের শিউলি ঝরা পথের পাশে ,
দূর থেকে ভেসে আসা ঢাকের বোল -
ঝিরঝিরে হাওয়ার ছোঁয়া লাগা নির্জন নিশীথে ,
সঙ্গী আশ্রয় নেইতো কিছু , কেবল অবুঝ মন
কার্তিকের হিমেল রাত !!

কিংবা , কুয়াশা ঘেরা শীতের কোনও ভোর -
ঝরে পড়ে থাকা পাতায় নিঃশব্দ উচ্চারণ ,
অস্ফুট ঘোষণা তখন , পালা শেষের গান -
সঙ্গী আশ্রয় নেইতো কিছু , কেবল অসহায় জীবন
চৈত্ররাতের দিন গোনে !!

শুরু হয় জানে , শেষ হবে বলে ;
তবুও কেন শুরু ? যদি থাকে শেষ -
লেখা কিছু থেকে যায় অদৃশ্য কোথাও -
সঙ্গী আশ্রয় নেইতো কিছু , কেবল তোমারই কাছে
শুধু জীবনের ইঙ্গিতে !!

সঙ্গী আশ্রয় নেইতো কিছু , কেবল আকাঙ্খা তীব্র
তবু বেঁচে থাকার, শ্রাবণ সন্ধ্যা থেকে
সোনালী পৌষের বেলায় !!



             =============

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই