Skip to main content

ছড়া ।। পরিবর্তন ।। রূপালী মুখোপাধ্যায়

পরিবর্তন 

রূপালী মুখোপাধ্যায় 


মেঘ করলেই সূর্যমামা যায় এখনো পাটে 
জল ভরতে যায় না খুকু পদ্ম দীঘির ঘাটে।
কল তো এখন সবার বাড়ি প্যাঁচ ঘোরালেই জল 
পদ্ম দীঘির ঘাটে খুকু কেনই যাবে বল ?
পদ্ম দীঘির জলে ফোটে হরেক রকম ফুল
খুকুর এখন বয়েজ কাট, নেই তো অত চুল।
খোকা এখন মাছ ধরতে যায়না নদীর কূলে 
ছিপ বড়শি কেউ চেনে না সবাই গেছে ভুলে।
কোলা ব্যাঙও মাছ খায় না, ছিপ নেয় না চিলে
পৃথিবীটা পাল্টে গেছে বুঝছি তিলে তিলে।
ব্যাঙেরা আর গান গায় না,কারণ কে জানে?
যায় না বলা হয়তো ওরা মোবাইলে শোনে।
আতা গাছে তোতা পাখি যায় দেখা খুব কম 
ঠাকুরদাদা বলে না কেউ, মাকে বলে মম।
হাট্টিমাটিম ছড়াগুলো বলতে শুনি কম 
আকাশেতে লিটিল স্টার শুনছি হরদম।
পাল্টে যাওয়া যুগের ধর্ম পাল্টে গেছে তাই 
ভালো কিছু হলেই হলো দুঃখ কিছু নাই।

===============

রূপালী মুখোপাধ্যায় , দুর্গাপুর ,পশ্চিম বর্ধমান 

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই