ছদ্ম-বিপ্লবী
আমি নিশ্চিত ছিলাম ,
একদিন তোমার আমার দেখা হবে লাল উপত্যকায়
বিপ্লবের নেশায় বুঁদ হয়ে ছেড়েছিলাম ঘর,
আত্মীয়স্বজন,পাড়াপড়শি
তুমি আর আমি নিয়েছিলাম শপথ
এগিয়ে যাবার,হারিয়ে দেওয়ার
পুঁজিবাদীর মিথ্যে ফানুস ।
আমি নিশ্চিত ছিলাম
একদিন সব দরজা জানালা খুলে যাবে
আমাদের ওষ্ঠের চুম্বনে
দিকে দিকে ছড়িয়ে পড়বে লাল নিশান
চুম্বনের আঘাতে বিশ্বে সুনামি আসবে
লন্ডভন্ড করে দেবে ধনীর অট্টালিকা, গরিবের কুঁড়েঘর
আমরা আবার নতুন করে সভ্যতা নির্মাণ করব
যেখানে উড়বে শুধুই চুম্বনের লাল নিশান ।
আজ এতদিন পর এসব কথা ভাবলে হাসি পায়
ছাপোষা মধ্যবিত্ত জীবন ,
পায়ের উপর পা তোলা সকাল ,
ছুটির দিনে ট্যাংরা অথবা গলদা ,
ছেলের ইংলিশ মিডিয়াম ,
বেশ ভালোই আছি বলতে পারো ।
ওসব বিপ্লব-টিপ্লব আমার দ্বারা হবে না
তার চেয়ে চলো একদান লুডোই খেলি ।
========================
শিবপ্রসাদ গরাই
পোস্ট ও জেলা বাঁকুড়া
পিন 722101
